সব্যসাচী দত্ত। — ফাইল চিত্র।
সব্যবসাচী দত্ত এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আতশকাচের নীচে। ধৃত তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যেই সেরে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক তদন্ত শেষে সব্যসাচীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে ইডি। সূত্রের খবর, তোলাবাজির অভিযোগের তদন্ত করবে তারা।
জানা গিয়েছে, সব্যসাচীর বিরুদ্ধে পুলিশ যে এফআইআর দায়ের করেছে, তার ভিত্তিতে নথিপত্র সংগ্রহ করছে ইডি। তবে আর্থিক তছরুপ মামলার তদন্তে ইডি যে এফআইআর করে, তা এখনও করা হয়নি। সূত্রের খবর, আনুষ্ঠানিক ভাবে এফআইআর করার আগে বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখার কাজ চলছে।
গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। এক ব্যবসায়ীর থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। গ্রেফতারির পর থেকেই সব্যসাচীকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করে পুলিশ। সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনার সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। পরে তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিন কেজি সোনা উদ্ধার করে পুলিশ। এ ছাড়াও দেড় কেজির বেশি রূপোও উদ্ধার হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন যে, তোলাবাজির টাকা দিয়ে সোনা কিনে রাখতেন সব্যসাচী।
সব্যসাচী এবং তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত (ফ্রিজ়) করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, ওই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজ়িট), নগদ মিলিয়ে ৩ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।