West Bengal Weather Forecast

দক্ষিণবঙ্গের ৫ জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা! বৃষ্টি হবে কলকাতা-সহ বেশির ভাগ জেলাতেই, বর্ষণ উত্তরবঙ্গেও

একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ হয়ে বিহার এবং ঝাড়খণ্ড পর্যন্ত। তা ছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে। অন্য দিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিলের মাঝামাঝি থেকে দেশের বেশির ভাগ অংশে তাপপ্রবাহের পরিস্থিতি চলছিল। বিশেষ করে উত্তর, উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে। তার মধ্যে পশ্চিমবঙ্গও ছিল। কিন্তু এপ্রিলের শেষের দিকে পর পর কয়েকটি পশ্চিমি ঝঞ্ঝার কারণে ঝড়বৃষ্টি হয়েছে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বাড়েনি।

মে মাসের শুরুতেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩ মে পর্যন্ত এ রকম আবহাওয়া থাকবে। কখনও হালকা, কখনও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে ১৩ মে পর্যন্ত। আগামী ১০ মে পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে এই সময়ের মধ্যে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ হয়ে বিহার এবং ঝাড়খণ্ড পর্যন্ত। তা ছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
আরও পড়ুন