Medical Benefits for Government Pensioners

রাজ্য সরকারি পেনশনারদের জন্য সুখবর, ২ লক্ষ টাকার অতিরিক্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা ঘোষণা অর্থ দফতরের

এ বার থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (ডাবলুবিএইচএস)-এর আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার খরচ ২ লক্ষ টাকা ছাড়িয়ে গেলেও ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। এত দিন এই সুবিধা শুধুমাত্র কর্মরত সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২০:৫৪
Good news for state government pensioners: Additional cashless medical benefits of Rs 2 lakh announced by finance department

ছবি: এআই সহায়তায় প্রণীত।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের জন্য স্বস্তির খবর দিল রাজ্য সরকার। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের মেডিক্যাল সেল একটি নির্দেশিকা জারি করে জানায়, এ বার থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (ডাবলুবিএইচএস)-এর আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার খরচ ২ লক্ষ টাকা ছাড়িয়ে গেলেও ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। এত দিন এই সুবিধা শুধুমাত্র কর্মরত সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল।

Advertisement

নতুন নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে যদি খরচ ২ লক্ষ টাকা অতিক্রম করার সম্ভাবনা থাকে, তবে সংশ্লিষ্ট পেনশনার বা তাঁর প্রতিনিধি নির্দিষ্ট ‘ফর্ম সি-৭’ পূরণ করে হাসপাতালে জমা দেবেন। আবেদন পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী সর্বোচ্চ ১০ দিনের চিকিৎসার সম্ভাব্য খরচের একটি এস্টিমেট এবং চিকিৎসার প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রগনোসিস রিপোর্ট তৈরি করবে। এই সমস্ত নথি ডাবলুবিএইচএস পোর্টালের মাধ্যমে অর্থ দফতরের মেডিক্যাল সেলে পাঠাতে হবে।

আবেদন জমা পড়ার পর অর্থ দফতরকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও সিদ্ধান্ত জানানো না হলে তা ‘ডিমড অ্যাপ্রুভাল’ হিসাবে গণ্য হবে। সে ক্ষেত্রে আনুমানিক খরচের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস সুবিধা বর্ধিত করা হবে। প্রয়োজনে এই সীমা বাড়ানোর জন্য একাধিক বার আবেদন করা যাবে, যদিও প্রতিটি আবেদনের মেয়াদ সর্বাধিক ১০ দিন নির্ধারিত থাকবে। এ বারের বাজেট অধিবেশনে এই সুবিধার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তে পেনশনারদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসনিক মহল। নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক।‌

Advertisement
আরও পড়ুন