Sharadwat Mukherjee

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

আর জি কর কাণ্ডের ফাইল নতুন করে খোলা হচ্ছে বলে এ দিন জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর দাবি, দফতরের দায়িত্ব নেওয়ার পরেই তিনি আর জি কর সংক্রান্ত ফাইল চেয়েছিলেন।

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৭:১১
শারদ্বত মুখোপাধ্যায়।

শারদ্বত মুখোপাধ্যায়। — ফাইল চিত্র।

স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকেও জিজ্ঞাসাবাদের দাবি তুললেন আর জি করের নির্যাতিতার মা। বুধবার জাতীয় চিকিৎসক দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা আয়োজিত অনুষ্ঠানে এসে পানিহাটির বিধায়ক ওই মহিলার আরও দাবি, ‘‘ঘটনার নেপথ্যে অনেকগুলি ‘কেন’ রয়েছে। যত দিন না সেই কেন-র উত্তর পাচ্ছি, লড়াই চালিয়ে যাব।’’ আর জি কর কাণ্ডের ফাইল নতুন করে খোলা হচ্ছে বলে এ দিন জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর দাবি, দফতরের দায়িত্ব নেওয়ার পরেই তিনি আর জি কর সংক্রান্ত ফাইল চেয়েছিলেন। দিন তিনেকের মাথায় মাত্র তিন পাতার একটি ফাইল আসে মন্ত্রীর হাতে। তাতে শুধু মাত্র রেড রোডে প্যারেডের প্রশিক্ষণ সংক্রান্ত নির্দেশিকা ছিল। শারদ্বত বলেন, ‘‘যা তথ্য চেয়েছিলাম, পরে সব পেয়েছি।’’ ‘আইএমএ’ এবং ‘ন্যাশনাল মেডিকোজ় অর্গানাইজ়েশন’, এই দুটি সংগঠনেরই অনুষ্ঠানে গিয়ে শারদ্বত অভিযোগ করেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না। চিকিৎসক মহলের অভিযোগ ছিল, প্রান্তিক এলাকার মেডিক্যাল কলেজে এক বার কারও পোস্টিং হলে বছরের পর বছর তাঁকে ফেরানো হয় না। এ বারে ঠিক কত সময়ের পরে সংশ্লিষ্ট চিকিৎসক আবার শহরে ফিরবেন, সেটা ওই পোস্টিংয়ের সময়েই জানানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান শারদ্বত।

আরও পড়ুন