Shyama Prasad Mukherjee

পশ্চিমবঙ্গ দিবস এবং শ্যামাপ্রসাদ পক্ষ পালন

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ বিষয়ক গ্রন্থপ্রণেতা তথাগত রায়ের যাদবপুরে আসার কথা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদের প্রেক্ষিতে বাংলার মনীষার ইতিহাস নিয়ে বলবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে মধ্য এবং আধুনিক যুগের ইতিহাসের আশুতোষ অধ্যাপক অমিত দে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৭:৩০
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। — ফাইল চিত্র।

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ‘যোগ দিবস’ নয়। তার আগে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘শ্যামাপ্রসাদ পক্ষ’-এ রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ঠাসা কর্মসূচি পালনের ডাক দিয়েছে উচ্চশিক্ষা দফতর। ২৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যুদিন। বুধবার ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশনের স্বাক্ষরিত নির্দেশিকায় ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে শিক্ষাঙ্গনগুলিতে অন্তত ৩-৪টি করে অনুষ্ঠান করতে বলা হয়েছে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষেও উচ্চ পর্যায়ের নির্দেশে বিতর্ক, কুইজ়, প্রবন্ধ প্রতিযোগিতা, আলোচনাসভা বা বক্তৃতা আয়োজনের পরিকল্পনা করছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়।

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ বিষয়ক গ্রন্থপ্রণেতা তথাগত রায়ের যাদবপুরে আসার কথা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদের প্রেক্ষিতে বাংলার মনীষার ইতিহাস নিয়ে বলবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে মধ্য এবং আধুনিক যুগের ইতিহাসের আশুতোষ অধ্যাপক অমিত দে।

তবে কয়েকটি মহলে এই অনুষ্ঠানগুলি উদ্‌যাপন নিয়ে প্রশ্ন রয়েছে। সারা ভারত শিক্ষা বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্করের বিবৃতি, ২০ জুন ১৯৪৭ প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গেরপ্রতিনিধিরা বাংলা ভাগের পক্ষে ভোট দেন, তা দেশভাগের বিষয়টি চূড়ান্ত করে। এই দিনটি যন্ত্রণার দিন, আনন্দের নয়। তা বিভাজনের রাজনীতিও উস্কে দেয়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক কৌশিক রায় বলেন, ‘‘দেশভাগের যন্ত্রণাকে কী ভাবে দেখাহবে তা নিয়ে দৃষ্টিভঙ্গির ফারাক থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গ গঠনে ২০ জুন দিনটির গুরুত্ব অস্বীকার করা যায় না।’’

শ্যামাপ্রসাদ পক্ষ পালন নিয়েও তরুণকান্তিদের বিবৃতিতে আপত্তি করা হয়েছে। তাঁরা বলছেন, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে শ্যামাপ্রসাদের ভূমিকা ইতিবাচক ছিল না। কৌশিক আবার মনে করেন, শ্যামাপ্রসাদ তাঁর সমকালে জাতীয় স্তরের বরণীয় ব্যক্তিদের অন্যতম। তাঁকে সম্মান প্রদর্শনে এত দিন ঘাটতি থেকে গিয়েছে।

২৬ জুন মহরমের ছুটি। ওই একই দিনেই আবার রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। সে দিন আচার্য তথা রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। প্রবীণ অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্যেরও বঙ্কিমচন্দ্র বিষয়ক বক্তৃতা দেওয়ার কথা।

আরও পড়ুন