গ্রাফিক: এআই সহায়তায় প্রণীত।
হাওড়ায় একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার করল পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃ়ত বলে ঘোষণা করেন। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম সুমিতা দে। বয়স ৬০ বছরের আশপাশে। টিকিয়াপাড়া এলাকার বেলিলিয়াস রোডে একটি ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁকে বিছানার উপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। ডাকাডাকি করেও বৃদ্ধার সাড়া না পেয়ে টিকিয়াপাড়া পুলিশফাঁড়িতে খবর দেন তাঁরা।
কিছু ক্ষণের মধ্যে ওই ফ্ল্যাটে পৌঁছোয় পুলিশ। একতলা থেকে বৃদ্ধাকে উদ্ধার করে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তাঁর।
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার স্বামী হাওড়া আদালতের আইনজীবী ছিলেন। বছর তিনেক আগে তিনি মারা গিয়েছেন। সেই থেকে ফ্ল্যাটে একাই থাকতেন সুমিতা। প্রাথমিক তদন্তে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে হাওড়া থানার পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে।