Tarakeswar Municipality Corruption Case

গলায় বেল্ট আর জুতো ঝুলিয়ে প্রাক্তন পুরপ্রধানকে ঘোরানো হল রাস্তায়! ডিম ছুড়ে ‘চোর-চোর’ স্লোগান রামেন্দুকেও

তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি নেওয়া থেকে নানা অভিযোগ তুলেছে বিজেপি। দুর্নীতিতে অভিযুক্ত স্বপনকে দেখা যায় স্যান্ডো গেঞ্জি-ট্রাউজ়ার্সে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৪:১৮
Tarakeswar Municipality Corruption Case

তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত। —নিজস্ব চিত্র।

পরনে স্যান্ডো গেঞ্জি, ট্রাউজ়ার্স। ট্রাউজ়ার্সের বেল্ট গলায় ঝোলানো। তার সঙ্গে গলায় ঝোলানো ছিল একজোড়া জুতো। গায়ে কাঁচা ডিম ছোড়ার পর খোসা আটকে। ওই ভাবে হুগলির তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে ঘোরানো হল এলাকায়। সোমবার এ নিয়ে শোরগোল তারকেশ্বরে। একই ভাবে তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা রামেন্দু সিংহ রায়ের উপর ডিম-হামলা হল ধনেখালি থানায়।

Advertisement

তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি নেওয়া থেকে নানা অভিযোগ তুলেছে বিজেপি। দুর্নীতিতে অভিযুক্ত স্বপনকে দেখা যায় স্যান্ডো গেঞ্জি-ট্রাউজ়ার্সে। তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় তাঁর গলায় বেল্ট এবং জুতো ঝুলিয়ে বিজেপির কর্মী এবং সমর্থকেরা ঘোরান। হাঁটতে হাঁটতে স্বপন ডিম-হামলার মুখেও পড়েন। একের পর এক কাঁচা ডিম এসে পড়ে তাঁর গায়ে। খানিক ক্ষণ রাস্তার মাঝে স্বপনকে কান ধরে ওঠবসও করানো হয়। একদা এলাকার প্রভাবশালী নেতা, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে তারকেশ্বরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপনকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়।

অন্য দিকে, ধনেখালি থানা থেকে বার করার সময় তারকেশ্বরে প্রাক্তন বিধায়ক রামেন্দুর উপর কাঁচা ডিম ছোড়ে ক্ষিপ্ত জনতা। প্রিজ়ন ভ্যানে করে প্রাক্তন বিধায়ককে তুলে থানা থেকে আদালতের পথে বেরিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, সোমবারই রামেন্দুকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে। রবিবার কর্নাটক থেকে গ্রেফতার করে ট্রানজ়িট রিমান্ডে ধনেখালি থানায় নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলের ওই প্রাক্তন বিধায়ককে।

আদালত রামেন্দুকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement
আরও পড়ুন