West Bengal Elections 2026

ভোট দেওয়া হল না, মন খারাপ ওঁদের

চাঁপদানি বিধানসভায় তিনটি চটকল, একটি সুতোকল আছে। যন্ত্রাংশ তৈরির কয়েকটি কারখানাও রয়েছে।

কেদারনাথ ঘোষ
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:২৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটার তালিকায় নাম না-থাকায় গণতন্ত্রের উৎসবে শামিল হতে পারলেন না হুগলি শিল্পাঞ্চলের অনেক শ্রমিক। ফলে, ভোটের দিন তাঁদের কাটল মনখারাপ নিয়েই।

চাঁপদানি বিধানসভায় তিনটি চটকল, একটি সুতোকল আছে। যন্ত্রাংশ তৈরির কয়েকটি কারখানাও রয়েছে। এক সময় বহু মানুষ পেটের তাগিদে বিভিন্ন রাজ্য থেকে চলে এসেছিলেন গঙ্গাপারের এই সব কল-কারখানায় কাজ করতে। কাজের সূত্রে এখানেই সংসার গড়ে ওঠে তাঁদের। ডালহৌসি জুটমিলের শ্রমিক অভিমন্যু সিংহ জানান, এই মিলের শ্রমিক মহল্লায় দীর্ঘদিনের বসবাস তাঁদের। বাবাও এই মিলেই কাজ করতেন। তিনি বলেন, ‘‘এসআইআরে আমার ও স্ত্রীর নাম বাদ গিয়েছে। ভোট দিতে পারলাম না। খুব খারাপ লাগছে।’’

আশরফ আলি, পারস সাউ, সন্তোষ সাউয়েরা জানান, এসআইআরে নাম না ওঠায় কারও মা-বাবা, কারও স্ত্রী ভোট দিতে পারলেন না।’’ তাঁদের আর্জি, সকলের নাম অবিলম্বে ভোটার তালিকায় উঠুক। কল-কারখানা আবার আগের চেহারায় ফিরুক।

বিভিন্ন কল-কারখানার হাল খারাপ। অন্য রাজ্য থেকে এখানে কাজ করতে আসা শ্রমিকদের পরিবারের বেশ কিছু যুবক এই পরিস্থিতিতে ভিন্‌ রাজ্যে কাজ করছেন। ভোটের তাগিদে তাঁরা বাড়ি ফেরেন। তাঁদের মধ্যে এক জন বলেন, ‘‘এসআইআর নিয়ে একটা আতঙ্ক ছড়িয়েছে। ভোট না দিলে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়! সেই ভয়েই অনেকে অন্য রাজ্য থেকে এসেছি।’’

ভোটের উৎসবে শামিল হয়ে শ্রীরামপুরের বন্ধ ইন্ডিয়া জুটমিল, রিষড়ার বন্ধ ওয়েলিংটন জুটমিলের শ্রমিকদের আর্জি, মিলের সুদিন ফিরুক।

আরও পড়ুন