—প্রতিনিধিত্বমূলক ছবি।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সরগরম গোটা রাজ্য। বিরোধীদের অভিযোগ, এসআইআর-এর নামে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির আঙুলের ইশারায় বৈধ ভোটারদের বাদ দেওয়ার খেলায় মেতেছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে ভোটার তালিকায় শ্রীরামপুরের ৭ নম্বর ওয়ার্ডে ‘বাদ’ পড়া বেশ কিছু মানুষকে স্থানীয় রায়ঘাটে উপস্থিত করা হল তৃণমূল নেতাদের উদ্যোগে। এই আয়োজন করা হয় ‘দেশ বাঁচাও গণমঞ্চের’ নামে।
কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘আমরা তোমার পাড়ার লোক’। ওই ওয়ার্ডের পুরসদস্য তথা পুর-পারিষদ এবং শহর তৃণমূল সভাপতি সন্তোষ সিংহ জানান, ওয়ার্ডের ছ’টি বুথে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ১২০ জন বাসিন্দা ওই জায়গায় উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জন বয়স্কও ছিলেন। সকলেরই দাবি, তাঁরা ভারতীয়। প্রকৃত ভোটার। দীর্ঘদিন ধরে শ্রীরামপুরে বাস করছেন। অনেকের জন্মও এই শহরে। অনেকের বক্তব্য, বাড়ির লোকজনের নাম ভোটার তালিকায় উঠলেও তাঁদের নেই। এ নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, পুরপ্রধান গিরিধারী সাহা, সন্তোষ-সহ অন্য পুরসদস্যেরা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বিজেপির রাজ্য কমিটির সদস্য মোহন আদক বলেন, ‘‘বাদ যাওয়া নাম তোলার জন্য ট্রাইবুনাল রয়েছে। তৃণমূল অকারণে রাজনীতি করছে।’’