IPL 2026

টানা সাত হার! কোহলি, যুবরাজের দলে নাম লিখিয়ে কাকে দায়ী করলেন রুতুরাজ, চেন্নাইয়ের অধিনায়কের মুখে একটিই নাম

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে টানা সাতটি ম্যাচ হেরেছেন রুতুরাজ গায়কোয়াড়। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের জন্য এক জনকেই দায়ী করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১০:৫৬
cricket

রুতুরাজ গায়কোয়াড়। —ফাইল চিত্র।

আগের ম্যাচে হারের পর রুতুরাজ গায়কোয়াড় দায়ী করেছিলেন দলের স্পিনারদের। রবিবার গোটা বোলিং আক্রমণই মার খেয়েছে। বেশির ভাগ ব্যাটারও ব্যর্থ। তার জেরে চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক হয়েছে চেন্নাইয়ের। অধিনায়ক হিসাবে টানা সাতটি ম্যাচ হেরেছেন রুতুরাজ। বিরাট কোহলিদের কাছে হারের পর অবশ্য নিজেকেই দায়ী করেছেন তিনি।

Advertisement

বেঙ্গালুরুর কাছে হারের পর রুতুরাজ বলেন, “আমি ভাল খেলতে পারলে হয়তো ছবিটা অন্য রকম হত। এই হারের দায় আমার। খারাপ শুরুর পরেও আমরা ২০০-র বেশি রান করেছি। সরফরাজ়, প্রশান্ত, ওভারটন, শিবমেরা চেষ্টা করেছে। যদি শুরুতে আমি ভাল খেলতে পারতাম, তা হলে হয়তো এই রানও তাড়া করে ফেলতাম।”

আইপিএলে অধিনায়ক হিসাবে বিরাট কোহলি ও যুবরাজ সিংহও টানা সাত ম্যাচ হেরেছেন। সেই তালিকায় ঢুকেছেন রুতুরাজ। অ্যাডাম গিলক্রিস্টও টানা সাত ম্যাচ হেরেছেন। টানা আটটি ম্যাচ হারা অধিনায়কদের তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, ব্রেন্ডন ম্যাকালাম ও অ্যারন ফিঞ্চ। তবে সকলের শীর্ষে কেভিন পিটারসেন ও জর্জ বেইলি। তাঁরা টানা ৯ ম্যাচ হেরেছেন। তবে চেন্নাই এ বার যে ভাবে খেলছে তাতে এই তালিকায় সকলের উপরেও উঠে পড়তে পারেন রুতুরাজ।

ইনিংসের শুরুতেই কোহলির ক্যাচ পড়েছে। পরে টিম ডেভিডকে আউট করার পর দেখা গিয়েছে, নো বল করেছেন অংশুল কম্বোজ। এই ভুলগুলোর জন্যই বেঙ্গালুরু ২৫০ রান করেছে। রুতুরাজ বলেন, “বিরাটকে শুরুতে আউট করতে পারলে খেলার রাশ আমাদের হাতে চলে আসত। ১৩-১৪ ওভার পর্যন্ত আমরা খেলায় ছিলাম। কিন্তু ডেভিড ছবিটা বদলে দিল। অংশুল ওকে প্রায় আউট করে ফেলেছিল। নো বলের জন্য ও বেঁচে গেল। তার পর ব্যাট চালিয়েই গেল। ওর জন্যই বেঙ্গালুরু জিতল।”

১১ এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে নামবে চেন্নাই। দিল্লিও এ বার ফর্মে রয়েছে। দু’ম্যাচ খেলে দু’টিই জিতেছে। ফলে আরও একটি কঠিন ম্যাচ রুতুরাজের সামনে। সেই ম্যাচেও হারলে কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরির উপর চাপ আরও বাড়বে।

Advertisement
আরও পড়ুন