WB Elections 2026

পাঁচ আসন নিয়ে বাম-আইএসএফ টানাটানি চলছেই

গত বিধানসভা নির্বাচনে আইএসএফ তিনটি আসনে (জগৎবল্লভপুর, পাঁচলা ও উলুবেড়িয়া পূর্ব) লড়েছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৮:৪৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আলোচনা মোটের উপরে মিটে গেলেও আইএসএফের সঙ্গে সিপিএমের আসন সমঝোতার জট এখনও কাটেনি হাওড়ায়। সে কারণে এই জেলায় সামগ্রিক ভাবে বামফ্রন্টের মধ্যেও আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে, সিপিএম ও আইএসএফ— জট কাটার ব্যাপারে দু’পক্ষই আশাবাদী।

সিপিএমের জেলা নেতৃত্ব অবশ্য দাবি করেছেন, ৯০ শতাংশ আসনে কোন দল লড়বে, তা চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি আসনেও সমস্যা মিটে যাবে। সিপিএম নেতা সাবিরুদ্দিন মোল্লা বলেন, ‘‘জেলার ১৬টি আসনের মধ্যে মাত্র দু’তিনটি নিয়ে সমস্যা আছে। রাজ্য বামফ্রন্ট এবং আইএসএফ নেতৃত্বের মধ্যে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আইএসএফের জেলা নেতা শেখ নাসিরুদ্দিনও বলেন, ‘‘রাজ্যস্তরে আলোচনা চলছে। সমস্যা মিটে যাবে।’’

গত বিধানসভা নির্বাচনে আইএসএফ তিনটি আসনে (জগৎবল্লভপুর, পাঁচলা ও উলুবেড়িয়া পূর্ব) লড়েছিল। এ বারে তারা ওই তিনটির সঙ্গে উলুবেড়িয়া উত্তর বা সাঁকরাইলের মধ্যে একটি এবং বাগনান ও আমতা আসনটিও দাবি করেছে।

রাজ্য বামফ্রন্ট সূত্রের খবর, সব ঠিক থাকলে পাঁচলা আসনটি এ বার ফরওয়ার্ড ব্লককে ফিরিয়ে দেওয়া হবে বলে নীতিগত ভাবে সিদ্ধান্ত হয়েছে। ফলে, ফরওয়ার্ড ব্লককে নিয়ে আর জটিলতা নেই। বাকি চারটির মধ্যে গতবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আইএসএফ লড়াই করলেও সিপিএম এ বারে এই আসনটি দাবি করেছে। তাদের বক্তব্য, ২০২১-এর আগে তারাই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করত। একই দাবি তারা করেছে বাগনান এবং সাঁকরাইল অথবা উলুবেড়িয়া উত্তর এই দু’টির ক্ষেত্রেও।

আমতা গতবারে কংগ্রেসকে দেওয়া হয়েছিল। এ বারে কংগ্রেস জোটে নেই। ফলে, এই আসন নিয়ে সিপিএম এবং আইএসএফের মধ্যে সে ভাবে দড়ি টানাটানি নেই।

আইএসএফের বক্তব্য, পাঁচলা ফরওয়ার্ড ব্লকের হাতে গেলে এবং উলুবেড়িয়া পূর্ব সিপিএম পেলে তাদের হাতে আগের আসনের মধ্যে শুধু জগৎবল্লভপুর পড়ে থাকবে।

আইএসএফের এক জেলা নেতা বলেন, ‘‘পাঁচলার বিষয়টি আলাদা। এই আসন নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে। বাকি যে আসনগুলি আমরা দাবি করেছি, সেগুলির ফয়সালা হওয়া দরকার। কারণ, এই কয়েক বছরে আমাদের শক্তি বেড়েছে। বাড়তি আসনআমাদের প্রাপ্য।’’

আরও পড়ুন