TMC Worker Murder

তৃণমূল কর্মী খুনে গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৮:২২

প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়ির সামনে পুরশুড়ার কেলেপাড়ায় বৃদ্ধ তৃণমূল কর্মী শেখ শাহ আলমকে পিটিয়ে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ওই ঘটনার পরে রাতেই কাশীনাথ পোড়েল এবং সৌরভ পোড়েল নামে ওই দু’জনকে ধরা হয়। তারা বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। ধৃতদের মঙ্গলবার আরামবাগ আদালতে পেশ করা হলে দু’জনকেই ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ জানায়, নিহতের পরিবার ন’জন বিজেপি কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিল। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বাকি পলাতক অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ দিন মৃতদেহটির ময়না-তদন্ত হয় আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।

সোমবার বিকেলে ওই বৃ্দ্ধকে বাড়ি থেকে ডেকে বাঁশ-লাঠি দিয়ে পেটায় কয়েক জন। আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে রাতে তিনি মারা যান। নিহতের দুই ছেলে শেখ সইফুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলাম জানান, একই পাড়ার কিছু লোক বাবাকে পিটিয়ে মারবে, এটা তাঁরা ভাবতে পারছেন না। তাঁরা বলেন, ‘‘দল-মত না দেখে গ্রামে কেউ বিপদে পড়লে বাবা আগে ছুটতেন। খুবই খারাপ লাগছে।’’ গ্রামের অনেকে জানিয়েছেন, গভীর রাতে কাউকে কলকাতা বা আরামবাগ হাসপাতালে নিয়ে যেতে হলেও শাহ আলম অ্যাম্বুল্যান্সে সঙ্গী হতেন। নিহতের পরিবারের পাশাপাশি গ্রামবাসীদের দাবি, মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক।

পুরশুড়ার বিধায়ক বিজেপির বিমান ঘোষ বলেন, “দল-মত না দেখে ওই ঘটনায় যুক্ত সব অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পুলিশকে। পুলিশ অভিযান চালাচ্ছে। তৎকাল বিজেপি ছাড়াও দলের কেউ যুক্ত থাকলে ছাড় পাবে না।’’

পুরশুড়ার পরাজিত তৃণমূল প্রার্থী পার্থ হাজারি বলেন, ‘‘বিধায়কের কথা প্রকৃতপক্ষে কতটা কার্যকর হয়, তা আমরা লক্ষ্য রাখছি। সেই মতো নিজেদের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।’’

আরও পড়ুন