(বাঁ দিকে) জয়প্রকাশ মজুমদার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (ডান দিকে)। —ফাইল চিত্র।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের করা মামলা শুনবেন না কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ব্যক্তিগত কারণে ওই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। অন্য বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে।
জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জয়প্রকাশ। বিচারপতি ঘোষের এজলাসে তাঁর জামিন সংক্রান্ত মামলাটির শুনানি হওয়ার কথা ছিল।
চলতি মাসের গোড়ায় গ্রেফতার হয়েছিলেন জয়প্রকাশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ১৪ বছর ধরে তিনি একটি ফ্ল্যাট বেআইনি ভাবে দখল করে রেখেছিলেন। গত ৩ জুন তাঁর বিরুদ্ধে কয়েক জন বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভকারীদের কারও কারও গায়ে হাত তুলেছিলেন জয়প্রকাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকেই তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বিধাননগর উত্তর থানায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট জবরদখল, বৃদ্ধা মালকিনকে কটূক্তি এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, ২০১২ সালে ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ। ২০১৫ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, তার পর আর নতুন করে কোনও চুক্তি করেননি তিনি। পুরনো চুক্তির নবীকরণও করা হয়নি। বেআইনি ভাবে সেই থেকে ফ্ল্যাটটি দখল করে রাখা হয়েছিল।