কলকাতা মেট্রো। —ফাইল চিত্র।
সাতসকালে মেট্রোয় কংক্রিটের উড়ালপথে দুই লাইনের মাঝের পরিখা ধরে হাঁটছে একলা সারমেয়। প্রায় হাঁটার গতিতে তারই পিছু পিছু এগোচ্ছে যাত্রীসমেত মেট্রো। ওই ভাবে পাক্কা পাঁচটি স্টেশন পেরিয়ে তবে ট্র্যাক ছাড়ল কুকুর। তার পরে মেট্রো গন্তব্যে ছুটল নিজের গতিতে। বৃহস্পতিবার সকালে এমনই ঘটেছে উত্তর-দক্ষিণ মেট্রোর শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে।
ওই দিন সকাল ৭টা ২৭ মিনিটের মেট্রো শহিদ ক্ষুদিরাম স্টেশনে ঢোকার মুখে যাত্রীরা দেখতে পান, প্ল্যাটফর্ম থেকে ট্রেনের দিকে ঝুঁকে এক যুবক চালককে কিছু ইঙ্গিত করছেন। নীল জিনস এবং পাতা রঙের টি-শার্ট পরা যুবকের আচরণে বিভ্রান্ত যাত্রীরা কিছু পরে বুঝতে পারেন, ট্র্যাকের মাঝে এসে পড়েছে সাদা-কালো ছোপের পথকুকুর। চালক বুঝতে পেরে সমস্যার কথা কন্ট্রোলে জানিয়ে খুব ধীরে এগোতে শুরু করেন। কুকুর থমকালে, মেট্রোও দাঁড়িয়ে পড়ে।
কিছুটা ভ্যাবাচ্যাকা খাওয়া কুকুর সামলে নিয়ে ফের সামনে ছুটেছে। ওই ভাবেই বৃজি সংলগ্ন শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পরে গড়িয়া, নাকতলা, বাঁশদ্রোণী এবং কুঁদঘাট লাগোয়া মেট্রো স্টেশন পেরিয়েছে ট্রেন। যাত্রীরা উঠেছেন-নেমেছেন। মাঝে দু’-একটি মেট্রো স্টেশনে রক্ষী এবং কর্মীদের কেউ কেউ চিৎকার করে কুকুর তাড়ানোর চেষ্টা করেছেন। পরে বুঝতে পেরেছেন তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। ভয় পেয়ে কুকুর এলোমেলো ছুটলে তার প্রাণ সংশয় হত।
টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমার স্টেশনের কাছাকাছি এসে কুকুরটি দমদমমুখী আপ লাইন থেকে ডাউন লাইনে ফের কুঁদঘাটের দিকে হাঁটতে শুরু করে। সেই সময়ে এক ফাঁকে খোলা জায়গা দিয়ে বেরিয়ে পড়ে সে। কারণ, এর পরে কুকুরটিকে দেখা যায়নি।
ওই ট্রেনের যাত্রী, গিরিশ পার্কের একটি স্কুলের শিক্ষিকা অনসূয়া মুখোপাধ্যায় বলেন, ‘‘শহিদ ক্ষুদিরাম থেকে উঠেছিলাম। প্রতিটি স্টেশনেই যাত্রীরা কুকুরটিকে দেখেছেন। সকলেই উদ্বিগ্ন ছিলেন। তবে চালক যে ভাবে পুরোটা সামলেছেন, তা প্রশংসনীয়। দেরি হলেও কুকুরটিকে বাঁচানো গিয়েছে, এটাই বড় কথা।’’
এর আগে গত দীপাবলির সময়ে গিরিশ পার্ক এলাকায় বাজির শব্দে ভয় পেয়ে একটি কুকুর মেট্রোর কামরায় উঠে পড়েছিল। পুরো পথ জুড়ে কামরায় ঘোরাঘুরি করতে থাকে সে। যাত্রীরা অবশ্য তাকে বিরক্ত করেননি। পরে কবি সুভাষগামী মেট্রোয় কুকুরটিকে রেক থেকে বার করার সময়ে এক আরপিএফ কর্মীকে কিঞ্চিৎ আঁচড়ে সে পালিয়ে যায়।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, ‘‘কুকুর-সহ কোনও প্রাণী মেট্রোর ট্র্যাকে এসে পড়লে তাদের প্রতি সহানুভূতির আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া আছে। কর্তৃপক্ষ সজাগ থাকেন যাতে প্রাণীর ক্ষতি এড়ানো সম্ভব হয়।’’ তবে গত কয়েক বছরে মেট্রোর পথে এবং সুড়ঙ্গে কুকুর ঢুকে পড়ার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।