KC Venugopal

বঙ্গে কংগ্রেসের মত বুঝতে চান বেণুগোপাল

কলকাতায় এসে আজ, সোমবার প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৬:৩৩
এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল।

এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। ছবি: পিটিআই।

রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। আর ক্ষমতা হারানোর পরে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস দুর্বল হওয়ার পরে বিজেপি-বিরোধী পরিসরে সক্রিয় হতে চাইছে কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যে এসে দলের প্রদেশ ও জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল।

সূত্রের খবর, কলকাতায় এসে আজ, সোমবার প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। পর দিন, মঙ্গলবার বিধান ভবনেই বেণুগোপালের বৈঠক করার কথা প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ ও বর্ষীয়ান নেতাদের সঙ্গে। পরে মৌলালি যুব কেন্দ্রে সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীদের নিয়ে সভার আয়োজন করা হচ্ছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে কংগ্রেসের একাংশ মনে করে, তৃণমূলের সঙ্গে সমঝোতা করলে সংখ্যালঘু মানুষের সমর্থন পেতে সুবিধা হবে।। মমতার দলও দর কষাকষির জন্য আগের জায়গায় থাকবে না। তবে কংগ্রেসেরই অন্য অংশের মত, শাসক তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের জেরে মানুষের ক্ষোভ এখন ফুঁড়ে বেরোচ্ছে। তৃণমূল দলও ভেঙে ছত্রখান হচ্ছে। এখন তৃণমূলের হাত ধরতে গেলে ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত হবে। এমতাবস্থায় বেণুগোপালের উপস্থিতিতে দলের বৈঠকে কী বার্তা উঠে আসে, সে দিকে নজর থাকছে কংগ্রেস শিবিরের।

আরও পড়ুন