—প্রতীকী চিত্র।
সাইবার প্রতারণার ফাঁদে পড়ে দু’দিনে প্রায় ১৪ লক্ষ টাকার লোকসানের মুখে পড়লেন প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত লেক টাউনের এক বাসিন্দা। শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় ওই ব্যক্তির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, অভিযোগে জানানো হয়েছে যে, একটি ই-কমার্স ওয়েবসাইটের থেকে ফোন করে বলা হয়, নাম নথিভুক্ত করিয়ে সেখানকার সামগ্রী নিয়ে রেটিং করলে কমিশন মিলবে ও আর্থিক লাভ হবে। প্রাথমিক পর্যায়ে অভিযোগকারীকে অল্প টাকা দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করা হয়। এর পরে ওই ব্যক্তি ২০ বার এমন করার পরে টাকা তুলতে গেলে প্রতারকদের ফাঁদ পাতা শুরু হয়।
প্রতারকেরা জানায়, টাকা তুলতে গেলে আন্তর্জাতিক কর ও অন্য ফি বাবদ মোট হিসেবে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা দিতে হবে। সেই টাকা দেওয়াও হয়। কিন্তু তার পরেও লাভের টাকা পাননি অভিযোগকারী। এর পরেও তাঁর থেকে সাড়ে ৩ লক্ষ টাকা দাবি করা হয়। তখনই সন্দেহ হয় অভিযোগকারীর। কিন্তু তত ক্ষণে তাঁর বহু লক্ষ টাকার লোকসান ঘটেছে। এর পরে প্রথমে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করা হয়। তার পর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয়।