— প্রতীকী চিত্র।
ভ্রূণের ঠিক পরিচর্যার লক্ষ্যে শহরে দু’দিনের এক প্রশিক্ষণ শিবির ও সম্মেলনের আয়োজন করল ‘সোসাইটি অব ফিটাল মেডিসিন’-এর বেঙ্গল চ্যাপ্টার। নিউ টাউনে আয়োজিত ওই অনুষ্ঠানে পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন। পাশাপাশি, কলকাতা ও দিল্লির বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকও উপস্থিত হয়েছেন।
চিকিৎসকেরা জানান, প্রসূতি মায়ের পাশাপাশি, গর্ভস্থ ভ্রূণের ঠিক স্বাস্থ্যের দিকেও নজর রাখা খুবই জরুরি। কারণ, তা হলেই ভ্রূণের গঠনগত বা অন্য কোনও অস্বাভাবিকতা রয়েছে কিনা, তা আগাম বোঝা সম্ভব হয়। যদি কোনও সমস্যা দেখা যায়, তা হলে জন্মের আগেই অনেক ক্ষেত্রে সেই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
গর্ভবতী মহিলাদের আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে চিকিৎসা প্রদান করা হয়, তা কতটা নিরাপদ ভাবে করা যায়, সে বিষয়েই এ দিন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। শনিবারের ওই শিবিরে ১০০ জন চিকিৎসক অংশ নিয়ে ‘মানব-পুতুল’-এর উপরে হাতেকলমে প্রশিক্ষণ নেন। ভ্রূণের হৃৎপিণ্ডের স্বাস্থ্য নিয়েও বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‘এসএফএম-বেঙ্গল’-এর উপদেষ্টা চিকিৎসক কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, ‘‘ভ্রূণের হৃৎপিণ্ডের কোনও অস্বাভাবিকতা রয়েছে কিনা, অর্থাৎ জন্মগতকোনও ত্রুটি থাকছে কিনা, সেটা আগাম জানা খুবই জরুরি। জানা গেলে সেই মতো ব্যবস্থা নেওয়া যায়।’’ আজ, রবিবার রয়েছে আলোচনা সভা।