—প্রতীকী চিত্র।
দেশ জুড়ে শনিবার ই-২০ জ্বালানির (২০% ইথানল ও ৮০% পেট্রল) সপক্ষে সওয়াল করলেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। পেট্রল ডিলার থেকে গাড়ি সংস্থা এবং প্রযুক্তিবিদ, সকলেই জানালেন এমনিতে ই-২০ পেট্রলে গাড়ির সমস্যা হয় না। তবে তাতে জল মিশে গেলে যন্ত্রাংশ খারাপ হতে পারে। এই জ্বালানি ব্যবহারে গাড়ির মাইলেজ (এক লিটারে কতটা রাস্তা চলে) ৩%-৪% কমেছে বলে অভিযোগ উঠছে। সেই প্রেক্ষিতেই তেল সংস্থাগুলির তরফে সব পক্ষকে সাংবাদিক বৈঠক করে ই-২০ জ্বালানির উপকারিতা জানাতে বলা হয়েছিল। সেখানেই এই বার্তা তাঁদের।
কলকাতার ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরার্মের সম্পাদক কুশল বাজোরিয়ার দাবি, ‘‘ই-২০ ব্যবহার করলে গাড়ির সমস্যা হয় না। তবে তাতে জল মিশলে মুশকিল। মাইলেজ কিছুটা কমছে ঠিকই। তবে পরে ই-২২, ই-২৫ বা ই-৩০ ব্যবহার করলে ২০২৩-এর পরে তৈরি গাড়ির অসুবিধা হবে না।’’ দিল্লিতে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ভর্তিকা শুক্লা জানান, এই জ্বালানি হঠাৎ আনা হয়নি। ২০১৮ থেকে পরীক্ষার পরে ২০২৪ সাল থেকে তা চালু হয়েছে। টয়োটা মোটরসের ভিপি বিক্রম গুলাটিরও বক্তব্য, সারা বিশ্বে জ্বালানিতে ইথানল ব্যবহার করা হয়। কোথাও সমস্যা হয় না। পরিবেশের কথা মাথায় রেখে এটা সঠিক সিদ্ধান্ত। নিজস্ব সংবাদদাতা