Bomb Scare in Kolkata Airport

শৌচাগারে চিরকুট, ‘বোমা রাখা আছে’! কলকাতা বিমানবন্দরে শিলংগামী উড়ানে ছড়িয়ে পড়ল আতঙ্ক, নামানো হল যাত্রীদের

জানা গিয়েছে, বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতা থেকে শিলঙের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগে বিমানের শৌচাগারে একটি চিরকুট দেখতে পান বিমানকর্মীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১
ইন্ডিগোর এই বিমানেই বোমার রাখার হুমকি। নিজস্ব চিত্র।

ইন্ডিগোর এই বিমানেই বোমার রাখার হুমকি। নিজস্ব চিত্র।

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। শনিবার সকালে শিলংগামী ইন্ডিগোর বিমানো বোমাতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতা থেকে শিলঙের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগে বিমানের শৌচাগারে একটি চিরকুট দেখতে পান বিমানকর্মীরা। তাতে লেখা ছিল, ‘বিমানে বোমা রাখা আছে’। আর তার পরই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

Advertisement

জানা গিয়েছে, ৬ই-৭৩০৪ ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার পরই বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর সূত্রে খবর, বোমাতঙ্ক ছড়াতেই যাত্রীদের নামিয়ে ইন্ডিগোর ওই বিমানে তল্লাশি শুরু হয়। বিমানের শৌচাগারে ওই চিরকুট কে রাখল তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে খবর। তল্লাশির পর বিমানটিকে দুপুর দেড়টা নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা করানো হয়।

এই প্রথম নয়, গত জানুয়ারিতেও দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। ২২২ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর বিমানটি ওড়ার পরেই বোমার হুমকি আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। তার পরই সেটিকে জরুরি ভিত্তিতে উত্তরপ্রদেশের লখনউয়ে অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়।

গত বছরেও, কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগোর ৬ই৫২২৭ নম্বর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যাত্রীরা বিমানে ওঠার সময়ই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বিমানবন্দরে ফোন করে বোমা থাকার কথা জানান। সঙ্গে সঙ্গে ওই বিমানে থাকা ১৯৫ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। বিমানটিকে বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন অংশে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। যদিও কিছুই পাওয়া যায়নি বলে বিমানবন্দর সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন