Behala Businessman Arrest

ঘণ্টা পাঁচেক জিজ্ঞাসাবাদের পর বেহালার ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি! সোনা পাপ্পুর সূত্র ধরেই পাকড়াও জয় কামদার

সম্প্রতি কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্র ধরে জয় কামদারের নাম পায় ইডি। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীকে বার দুয়েক তলবও করা হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:০৯
ইডি-র হাতে ধৃত জয় কামদার।

ইডি-র হাতে ধৃত জয় কামদার। —নিজস্ব চিত্র।

শেষমেশ গ্রেফতার হলেন বেহালার ব্যবসায়ী জয় কামদার। রবিবার সকাল ১১টা নাগাদ তাঁকে আটক করে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা। বিকেল ৫টা নাগাদ জানা যায়, ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

জয় প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত। অতীতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই সময় বেশ কিছু পরিমাণ নগদ অর্থও উদ্ধার করেছিল তারা। ইডি-র একটি সূত্রের খবর, সম্প্রতি কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্র ধরে জয়ের নাম পায় তারা। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীকে বার দুয়েক তলবও করা হয়েছিল। কিন্তু হাজিরা দেননি ওই প্রোমোটার। ঘটনাক্রমে রবিবার বেহালায় প্রোমোটারের বাসভবনে হানা দেয় ইডি-র একটি দল। বেশ কিছু ক্ষণ তল্লাশির পর জয়কে আটক করে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে যায় ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে যুবককে।

সোনা পাপ্পুর মামলায় বেহালার পাশাপাশি বালিগঞ্জেও অভিযান চালিয়েছে ইডি। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে যায় তারা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বালিগঞ্জে একটি অশান্তির ঘটনায় নাম জড়ায় সোনা পাপ্পুর । কাঁকুলিয়া রোড এলাকায় গুলিকাণ্ডে সোনা পাপ্পুর কয়েক জন সহযোগীকে গ্রেফতার করা হলেও তাঁকে হাতে পায়নি পুলিশ। ওই মামলার প্রেক্ষিতে একটি আর্থিক লেনদেনের অভিযোগ পায় ইডি। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার দাবি, সংশ্লিষ্ট মামলায় জড়িতদের মধ্যে বেআইনি আর্থিক লেনদেনের একটি তথ্য মিলেছে।

Advertisement
আরও পড়ুন