—প্রতীকী চিত্র।
প্রবল গরম। কিন্তু সন্ধ্যায় জানলা খোলাই দায়। বদ্ধ ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ালে সেখানে এমনই দুর্গন্ধ যে, বমি হওয়ার উপক্রম। নিউ টাউনের সিই ব্লকে এমনই দুর্বিষহ পরিস্থিতিতে রয়েছেন প্রায় ১০০টি বাড়ির বাসিন্দারা। খোলা ভ্যাট থেকে আসা কটু গন্ধে নাজেহাল ওই ব্লকের সিংহভাগ মানুষ।
বিগত সরকারের আমলেও তাঁরা ভ্যাটের এই সমস্যা নিয়ে চিঠি দিয়েছিলেন ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)-কে। তাতে বছর দেড়েক ভ্যাটটি বন্ধ ছিল। কিন্তু অভিযোগ, গত বছর ভ্যাটটি আবার খুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ২০২২ সালের শেষের দিকে আবাসিক ব্লকের ভিতরে ভ্যাটটি চালু হয়েছিল। আবাসিকদের দাবি, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতেই গণস্বাক্ষর করে এনকেডিএ কর্তৃপক্ষকে ভ্যাট সরানোর জন্য চিঠি দেওয়া হয়। তার পরে দীর্ঘ দিন ভ্যাটটি বন্ধ ছিল। বর্তমানে পুরনো পরিস্থিতিই আবার ফিরে এসেছে।
সিই ব্লকের প্রবীণ বাসিন্দা সন্দীপকুমার সাহা বললেন, ‘‘এত সুন্দর একটা পরিবেশ শুধুমাত্র ভ্যাটের কারণে দূষিত হয়ে যাচ্ছে। এনকেডিএ-র কাছে আবারও আবর্জনা না ফেলতে আবেদন করেছি।’’ এনকেডিএ-র আধিকারিকেরা জানান, পচনশীল বর্জ্যের কারণে দুর্গন্ধ হতে পারে। তাই ওই জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়। সেই ব্লিচিংয়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এনকেডিএ-র কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।