CM Suvendu Adhikari

ঝাঁটা হাতে স্বচ্ছতা অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু! বুধ সকালে পরিষ্কার করলেন বাগবাজার ঘাট, সঙ্গী মন্ত্রী তাপস, অগ্নিমিত্রা

বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথমে বৃক্ষরোপণ করেন। তার পর সেখানে মন্দিরে বিগ্রহে মাল্যদান করেন। পুজো করেন। গঙ্গার ঘাট পরিদর্শন করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৯:২৪
বাগবাজার ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

বাগবাজার ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

রাজ্যের গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। সেই স্বচ্ছতা অভিযানের কর্মসূচি হিসাবে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু পৌঁছে গেলেন কলকাতার বাগবাজারে গঙ্গার ঘাটে। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়।

Advertisement

বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথমে বৃক্ষরোপণ করেন। তার পর সেখানে মন্দিরে বিগ্রহে মাল্যদান করেন। পুজো করেন। গঙ্গার ঘাট পরিদর্শন করেন। তার পর ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন। এই কাজে একে একে হাত লাগান অগ্নিমিত্রা এবং তাপসও। গঙ্গা এবং গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা এবং দূষণমূক্ত রাখতে বছরভর এই ধরনের কর্মসূচি চলবে বলে জানান শুভেন্দু। তার আনুষ্ঠানিক সূচনা হল বুধবার থেকে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুরো কলকাতা, পুরো রাজ্যকে পরিষ্কার করতে হবে। উন্নয়নও হবে। তবে তার সঙ্গেও স্বচ্ছতাও জরুরি।’’ মুখ্যমন্ত্রী আরও জানান, গঙ্গাকে পরিষ্কার এবং দূষণমুক্ত করা প্রয়োজন। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে গঙ্গাকে আরও পরিষ্কার এবং দূষণমুক্ত করে ‘নমামী গঙ্গে’ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হবে।

কয়েক দিন আগেই জানানো হয়েছিল স্বচ্ছতা অভিযান শুরু হবে রাজ্যে। পাঁচ দিন ধরে চলবে এই অভিযান। ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযান চলবে। কলকাতার প্রতিটি গঙ্গার ঘাটও পরিষ্কার করা হবে। পূর্বনির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে বাগবাজার ঘাট থেকে সেই স্বচ্ছতা অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Advertisement
আরও পড়ুন