FIFA World Cup 2026

মেসির কান্না! আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোলের পর কেন কাঁদলেন, ম্যাচ শেষে নিজেই জানালেন লিয়ো

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন লিয়োনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১০:৩০
football

জার্সি দিয়ে চোখের জল মুছছেন লিয়োনেল মেসি। ছবি: এক্স।

প্রথম গোলের পর কয়েক সেকেন্ডের উল্লাস। তার পরেই দেখা গেল মাথা নিচু। চোখে জল লিয়োনেল মেসির। জার্সি দিয়ে মুছলেন জল। তার পর আবার শুরু করলেন খেলা। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কিন্তু প্রথম গোলের পর কেঁদে ফেললেন মেসি। কেন? কারণ জানালেন মেসিই।

Advertisement

খেলার পর মেসি স্বীকার করে নিয়েছেন যে, কেঁদে ফেলেছিলেন তিনি। কিন্তু তার নেপথ্যে ফুটবল নয়। মেসি বলেন, “হ্যাঁ, আমি কেঁদে ফেলেছিলাম। তবে ফুটবলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। গত কয়েকটা দিন খুব কঠিন ছিল। কঠিন সময় কাটিয়েছি। জটিল সময় কাটিয়েছি। সেগুলোই মনে পড়ছিল। ফুটবলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।”

সেই কঠিন সময়ের কথা বিস্তারিত ভাবে জানাননি মেসি। তবে কঠিন সময়ে কী ভাবে সতীর্থেরা তাঁর পাশে থেকেছেন সেই কথা শোনা গিয়েছে মেসির মুখে। তিনি বলেন, “আমি গোটা দলের কাছে কৃতজ্ঞ। সতীর্থদের কাছে কৃতজ্ঞ। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে ভাল রাখার। ওদের এই সাহায্যের কথা ভুলব না।”

৩৯ বছর বয়সেও গোল করে চলেছেন মেসি। এমনকি, বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক এত দিনে এসেছে তাঁর। মেসি জানিয়েছেন, এখন খেলা উপভোগ করছেন তিনি। মেসি বলেন, “এখন খেলা উপভোগ করি। এটা কেকের উপর চেরির মতো বিষয়। দুর্দান্ত একটা দলের হয়ে খেলতে পেরে আমি খুব খুশি। খেলা উপভোগ করছি।”

মেসির খেলার দেখে বাক্‌রুদ্ধ দলের কোচ লিয়োনেল স্কালোনি। খেলা শেষে বেশি কথা বলতে পারেননি তিনি। শুধু বলেছেন, “আমি ভাষা খুঁজে পাচ্ছি না। লিয়োকে নিয়ে আর কী বলব। আমি বাক্‌রুদ্ধ। ও দুর্দান্ত।”

Advertisement
আরও পড়ুন