Chingrighata

শুক্রবার থেকে যান নিয়ন্ত্রণ, অবশেষে চিংড়িঘাটায় শুরু হচ্ছে মেট্রোর কাজ

তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন বাইপাসের উপরে চিংড়িঘাটা মোড় ‘ব্যস্ততমএলাকা’ বলে রাস্তা বন্ধ করে মেট্রোর কাজ করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:১৮

—ফাইল চিত্র।

নির্বাচনমুখী কলকাতার নগরপাল হিসেবে দায়িত্ব নিয়েই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের (কমলা লাইন) বকেয়া কাজ করার ছাড়পত্র দিয়েছিলেন অজয়কুমার নন্দ। নতুন মন্ত্রিসভা গঠনের পরেও সেই ছাড়পত্র বহাল থাকল। যার ফলে দীর্ঘ টালবাহানার পরে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো লাইনের বকেয়া থাকা ৩৬৬ মিটার অংশের নির্মাণকাজ। পুলিশ সূত্রের খবর, এর জন্য আগামী শুক্র, শনি ও রবিবার ই এম বাইপাসে চিংড়িঘাটা মোড়ের কাছে যান নিয়ন্ত্রণ করা হবে। একই ভাবে যান নিয়ন্ত্রণ হবে পরের শুক্র, শনি ও রবিবার, অর্থাৎ ২২, ২৩ এবং ২৪ মে।

লালবাজারের এক পুলিশকর্তার মন্তব্য, ‘‘পুরনো কিছু জটিলতা কাটানো গিয়েছে। বিকল্প পথেউল্টোডাঙা ও নিউ টাউনের দিকে গাড়ি পাঠানো হবে। নিউ টাউনের দিক থেকেও চিংড়িঘাটা মোড় পার করে গাড়ি নিয়ে আসার জন্য বেশ কিছু বন্দোবস্ত করা হচ্ছে।’’

তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন বাইপাসের উপরে চিংড়িঘাটা মোড় ‘ব্যস্ততমএলাকা’ বলে রাস্তা বন্ধ করে মেট্রোর কাজ করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে বলে সময়সীমা বেঁধে দেয় আদালত। তার আগেও অবশ্য একাধিক বার চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে রাজ্য, কেন্দ্র,নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে সদর্থক বৈঠকের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু কোনওসমাধানসূত্র বেরোয়নি। তৎকালীন সরকারের একাংশের তরফে দাবি করা হয়, চিংড়িঘাটায় একটি‘ওভারব্রিজ’ তৈরি করে দেওয়ার কথা মেট্রো রেল কর্তৃপক্ষের। সেই কাজ করা নিয়ে কোনও ইঙ্গিত মিলছে না। এমনকি, জমিও চিহ্নিতকরা হয়নি। তৎকালীন রাজ্য সরকার নিজের খরচে ওই রাস্তা বানাতে নারাজ।

কিন্তু এর পরে নির্বাচনী আচরণবিধি চালু হওয়ারপ্রায় সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশের নগরপাল করা হয় অজয়কে। তিনি চিংড়িঘাটায় মেট্রোরনির্মাণকাজে পুলিশের কোনও বাধা নেই বলে রিপোর্ট দেন। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও সোমবার জানিয়ে দেন, দ্রুত চিংড়িঘাটায় মেট্রোর স্তম্ভ তৈরির কাজ শুরু হচ্ছে। এর পরে শুক্রবার থেকেই কাজ শুরুরসিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

কলকাতার ওই অঞ্চলের ট্র্যাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানান,বাইপাসে প্রায় ৪৫০ মিটার বিকল্প রাস্তা আগেই চিহ্নিত করা হয়েছিল। মেট্রোপলিটন থেকে মাঝেরপাড়া হয়ে সেই রাস্তা চিংড়িঘাটারযে অংশে মেট্রোর কাজের জন্য রাস্তা বন্ধ করা প্রয়োজন, তার পরে গিয়ে মিশেছে। এই পথে গাড়িচালিয়ে সুফল পাওয়া গিয়েছে। মেট্রোর স্তম্ভের কাজের জন্য উত্তর, অর্থাৎ উল্টোডাঙামুখী সমস্ত গাড়িইওই পথে নিয়ে যাওয়া হবে। নিউ টাউনের দিকে শুধু যাওয়ার জন্য ব্যবহার করানো হবে চিংড়িঘাটা উড়ালপুল। তবে রাতে এইউড়ালপুল দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখবে পুলিশ। নিউ টাউন থেকে গাড়ি আসার জন্য দ্বিমুখী রাস্তায়গার্ডরেল ফেলে প্রয়োজন মতো ব্যবহার করা হবে বলেও জানিয়েছে লালবাজার। পাশাপাশি, যত দিন মেট্রোর স্তম্ভ তৈরিরকাজ চলবে, তত দিন কলকাতার ওই অংশে সমস্ত রকমের মালবাহী যান চলাচল নিষিদ্ধ করারওসিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুন