ED Summons Debasish Kumar

তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিসকে ফের তলব ইডির! দু’সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ডাকল কেন্দ্রীয় সংস্থা

গত সপ্তাহে দু’দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ডাকা হয়েছিল দেবাশিস কুমারকে। ১ এপ্রিল এবং ৩ এপ্রিল তলব করা হয়েছিল রাসবিহারীর বিদায়ী বিধায়ককে। এ বার ফের তাঁকে ডেকে পাঠাল ইডি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৩৬
তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে ফের তলব করল ইডি।

তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে ফের তলব করল ইডি। —ফাইল চিত্র।

তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে তাঁকে সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। জমি দখল সংক্রান্ত মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই মামলায় গত সপ্তাহেও দু’দিন তলব করা হয়েছিল তৃণমূল নেতাকে।

Advertisement

গত সপ্তাহে দু’দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল দেবাশিসকে। ১ এপ্রিল এবং ৩ এপ্রিল তলব করা হয়েছিল রাসবিহারীর বিদায়ী বিধায়ককে। দীর্ঘ ক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। গত শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ছিলেন দেবাশিস। তবে এই তলব নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি তিনি। ওই দিন বিকেলে ইডির দফতর থেকে বেরিয়ে শুধু বলেছিলেন, যা বলার দলই বলবে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের যে কোনও প্রভাব নির্বাচনে পড়বে না, সে বিষয়ে আত্মবিশ্বাসী বিধায়ক।

জমি দখলের মামলাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ইডি সক্রিয়। মার্চের শেষের দিকে কলকাতা ও আশপাশের বেশ কিছু জায়গায় অভিযানও চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চালান এক সংস্থার একাধিক দফতরে। সূত্রের দাবি, জমি দখলের অভিযোগে ১৬-১৭টি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি। ওই অভিযানের পর গত সপ্তাহ থেকে এখনও পর্যন্ত, তিন বার বিদায়ী বিধায়ককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠালেন তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement
আরও পড়ুন