Fire Breaks Out in Salt Lake

সল্টলেকের বহুতলের রেস্তরাঁয় আগুন, ছড়ায় আতঙ্ক! ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন

অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়ায় ওই বহুতলে থাকা অফিসের কর্মীদের মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪
Fire at Salt Lake restaurant sparks panic

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সল্টলেকের এক বহুতলের নীচে থাকা রেস্তরাঁয় আগুন। ওই বহুতলে অনেক সংস্থার অফিস রয়েছে। আগুন লাগার খবর ছড়াতে স্বভাবতই আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ের কাছে এক বহুতলে আগুন লাগে। ১২ তলা বিল্ডিংয়ের নীচের তলায় একটি রেস্তরাঁ রয়েছে। সেই রেস্তরাঁয় আগুন লাগে। সঙ্গে সঙ্গে রেস্তরাঁয় থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন কর্মীরা। খবর দেওয়া হয় দমকলেও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে দমকল পৌঁছোনোর আগেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে খবর, আগুন বেশি ছড়াতে পারেনি। রেস্তরাঁয় থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হাত লাগান।

অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়ায় ওই বহুতলে থাকা অফিসের কর্মীদের মধ্যে। তাঁরা রাস্তায় বেরিয়ে আসেন। ধোঁয়ায় কেউ কেউ অসুস্থবোধ করেন। উল্লেখ্য, গত কয়েক দিনের মধ্যে কলকাতায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। বড়বাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নিউ টাউন, আলিপুরের ট্রেজ়ারি ভবনে কয়েক দিনের ব্যবধানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement
আরও পড়ুন