Fire at Book Fair

কলকাতা বইমেলায় এসএফআই-এর স্টলে আগুন! অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে

এ বছরের বইমেলায় এটিই ছিল শেষ রবিবার। ফলে ভিড়ও ছিল বেশি। এর মধ্যে সন্ধ্যা ৬টা ১০ নাগাদ বইমেলার ৯ নম্বর গেটের কাছে একটি স্টলে আগুন ধরে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬
রবিবার সন্ধ্যায় কলকাতা বইমেলায় এসএফআই-এর স্টলে আগুন ধরে যায়। কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার সন্ধ্যায় কলকাতা বইমেলায় এসএফআই-এর স্টলে আগুন ধরে যায়। কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে। — নিজস্ব চিত্র।

কলকাতা বইমেলায় আগুন ধরল রবিবার সন্ধ্যায়। বইমেলার ৯ নম্বর গেটের কাছে একটি স্টল থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। তবে কিছু ক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কী কারণে আগুন ধরল, তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে।

Advertisement

এ বছরের বইমেলায় এটিই ছিল শেষ রবিবার। ফলে ভিড়ও ছিল বেশি। এর মধ্যে সন্ধ্যা ৬টা ১০ নাগাদ বইমেলার ৯ নম্বর গেটের কাছে সিপিএমের ছাত্রসংগঠন এসএফআই-এর মুখপত্রের স্টলে হঠাৎ টিউবলাইট নিবে যায়। স্টলে উপস্থিত এসএফআই-এর নেতারা তখন বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডে খবর দেওয়ার জন্য লোক পাঠান। কিন্তু এরই মধ্যে স্টলের উপরের অংশ থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। আশপাশের কিছু স্টলেও আলো নিবে যায়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই সেই স্টলগুলিতে আলো নিবে গিয়েছিল।

যদিও আগুন ধরার কিছু ক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এসএফআই নেতৃত্বের দাবি, দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই তাঁদের দুই কর্মী অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে ওই আগুন নেবাতে সক্ষম হন। তার এক ঘণ্টা পরে ফের আলো জ্বলে স্টলে।

এসএফআই-এর মুখপত্রের সম্পাদক শৌভিক দাস বক্সি বলেন, “অল্প সময়ের মধ্যেই আমরা আগুন নিবিয়ে ফেলতে পেরেছি। স্টলে সেই সময় প্রচুর ভিড় ছিল। আমাদের বেশ কিছু বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সাজসজ্জা নষ্ট হয়ে গিয়েছে।” যদিও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ওই স্টলেই বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন এসএফআই নেতৃত্ব।

Advertisement
আরও পড়ুন