Principal

অধ্যক্ষ নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি

ন্যাশনাল মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন এবং মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তরবঙ্গ, রায়গঞ্জ, কোচবিহার, ডায়মন্ড হারবার ও তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে গত বছরের অগস্টে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৭:৫৩

—প্রতীকী চিত্র।

বেশ কয়েক বছর ধরে স্থায়ী পদে কেউ নেই। অগত্যা রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ চলছে অস্থায়ী অধ্যক্ষ (অ্যাক্টিং প্রিন্সিপাল) দিয়ে। তিন মাস আগে ওই পদের জন্য ইন্টারভিউ হলেও অজ্ঞাত কারণে কোনও নিয়োগই হয়নি। নতুন সরকার ক্ষমতায় আসার পরে স্থায়ী অধ্যক্ষ নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর।

এর ফলে আগের প্রক্রিয়া পুরোটাই বাতিল হয়ে গেল বলে মনে করছেন সরকারি চিকিৎসকদের একাংশ। যদিও স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে, স্বাস্থ্য দফতরের অন্দরের খবর, বিভাগীয় পদোন্নতির ইন্টারভিউয়ের ক্ষেত্রেও যেমন নতুন নির্দেশিকা জারি হওয়ায় আগের প্রক্রিয়া বাতিল করা হয়েছে, এ ক্ষেত্রেও তেমনটাই হবে। ‘অ্যাসোসিয়েশন অব হেল্‌থ সার্ভিস ডক্টর্স’-এর তরফে চিকিৎসক মানস গুমটা বলেন, ‘‘কেন আগের প্রক্রিয়া বাতিল করা হল, তা স্পষ্ট করা প্রয়োজন। যদি তার নেপথ্যে কোনও দুর্নীতি বা অনিয়ম থাকে, তা হলে তাতে কে বা কারা যুক্ত, সেটাও চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা প্রয়োজন।’’

ন্যাশনাল মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন এবং মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তরবঙ্গ, রায়গঞ্জ, কোচবিহার, ডায়মন্ড হারবার ও তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে গত বছরের অগস্টে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। চলতি বছরের ২ মার্চ ইন্টারভিউয়ে প্রায় ৪০ জন প্রার্থী অংশ নেন। এর পরে প্যানেল তৈরি হলেও আর কিছু হয়নি।

নতুন বিজ্ঞপ্তি বলছে, ২০১১ সালের নিয়োগ-বিধি মেনেই নিয়োগ হবে। প্রফেসর পদে কর্মরত চিকিৎসকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর অবশ্যই এমডি বা এমএসের মতো ডিগ্রি থাকতে হবে। প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে মোট অন্তত ১০ বছরের অভিজ্ঞতা এবং তার মধ্যে ন্যূনতম পাঁচ বছর অধ্যাপক হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অযোগ্য প্রার্থীদের আবেদন পাঠানো আটকাতে তাঁদের সমস্ত নথি খতিয়ে দেখে তবেই ফরোয়ার্ড করতে বলা হয়েছে মেডিক্যাল কলেজ ও টিচিং ইনস্টিটিউশনের প্রধানদের।

আরও পড়ুন