West Bengal Weather Update

বৈশাখের আগেই দাবদাহ? তাপমাত্রা টানা বৃদ্ধির পূর্বাভাস, দক্ষিণবঙ্গ জুড়ে গরমের সতর্কতা, কী হবে কলকাতায়

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে মূলত শুকনো হাওয়া বইছে। তার ফলে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। পাঁচ জেলায় রয়েছে সতর্কতা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৭:১৭
কলকাতায় ঝড়বৃষ্টি থেমে এ বার বাড়বে গরম।

কলকাতায় ঝড়বৃষ্টি থেমে এ বার বাড়বে গরম। —ফাইল চিত্র।

চৈত্র মাস শেষ হতে আর হাতেগোনা কয়েক দিন বাকি। তার পরেই আনুষ্ঠানিক ভাবে গ্রীষ্মের আগমন। তবে বৈশাখ পড়ার আগেই পারদ চড়বে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরম বাড়বে কলকাতাতেও।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে মূলত শুকনো হাওয়া বইছে। তার ফলে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছিল। তার ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি ছিল। আপাতত আর সেই সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

আগামী পাঁচ দিনে সাত ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। তার পর কিছু দিন পারদ একই রকম থাকবে। উত্তরে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। সোমবার এই জেলাগুলির পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বীরভূম এবং বাঁকুড়ায়। তবে সেই সঙ্গে এই জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা রয়েছে। গরমের অস্বস্তি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতার তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের চড়া তাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। গত কয়েক সপ্তাহে উত্তরবঙ্গে যে দুর্যোগ দেখা গিয়েছে, তা আপাতত কমেছে। আগামী কয়েক দিনে তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা আর কোনও জেলায় নেই। সমুদ্রেও আপাতত আর কোনও সতর্কতা নেই। তবে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন