কেরলের মতো কলকাতার গঙ্গায় চলবে ওয়াটার মেট্রো। ছবি: পিটিআই।
জলপথ পরিবহণকে আরও আধুনিক ও দ্রুত করতে গঙ্গায় ‘ওয়াটার মেট্রো’ চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেরলের কোচির একটি সংস্থার সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখছে রাজ্য। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এই বিষয়ে কলকাতা পুরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে কোচির ওয়াটার মেট্রো প্রকল্পের প্রতিনিধিদল তাদের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানাবে।
পুরসভা সূত্রের খবর, কোচির আদলে কলকাতাতেও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহার করার প্রস্তাব রয়েছে। এই জলযানগুলি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি দ্রুত যাতায়াতের সুবিধা দেবে। গঙ্গার পরিবেশের কোনও ক্ষতি না করে কী ভাবে পরিষেবা দেওয়া সম্ভব, সে বিষয়েও আগাম আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন এই ওয়াটার মেট্রো চালু হলে শহরের রাস্তায় যানজট অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। যাত্রীরা কম সময়ে গঙ্গার জলপথ ব্যবহার করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছোতে পারবেন। আগামী সপ্তাহের বৈঠকে কোচির ওয়াটার মেট্রো কর্তৃপক্ষের সামনে রাজ্য সরকারের বক্তব্যও তুলে ধরা হবে। কী ধরনের বোট তৈরি হবে, প্রকল্পের সম্ভাব্য ব্যয় কত, এবং পরিষেবা চালুর রূপরেখা কী হবে— এ সব বিষয় নিয়ে সে দিন বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
উল্লেখ্য, কোচি ওয়াটার মেট্রো হল দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা। কেরলের কোচি শহরের ১০টি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এই পরিষেবা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বোটগুলি ব্যাটারি ও ডিজ়েল জেনারেটর- চালিত হাইব্রিড প্রযুক্তিতে চলে এবং এগুলি পরিবেশবান্ধব বলেই পরিচিত। প্রসঙ্গত, দেশের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছে এই কলকাতাতেই। প্রতিদিন লাখ লাখ যাত্রী নিয়ে ছুটছে কলকাতার গর্বের মেট্রো। সেই ধারাবাহিকতায় এ বার জলপথ পরিবহণকেও আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়াটার মেট্রো চালু হলে কলকাতার পাতালরেলের মতোই শহরের পরিবহণ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে মত নবান্নের শীর্ষ আধিকারিকদের একাংশের।