Kolkata Metro Battery System

বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর সুড়ঙ্গে আটকে পড়তে হবে না! আশ্বস্ত করছে কলকাতা মেট্রো, চালু নতুন ব্যবস্থা

বুধবার সেন্ট্রাল মেট্রো স্টেশনে আনুষ্ঠানিক ভাবে নতুন ব্যবস্থা চালু করেছেন মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাটির নীচের সুড়ঙ্গে আর আটকে পড়তে হবে না যাত্রীদের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫
কলকাতা মেট্রোর ব্লু লাইনে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা ঠেকাতে নতুন ব্যবস্থা চালু।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা ঠেকাতে নতুন ব্যবস্থা চালু। —ফাইল চিত্র।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাটির নীচের সুড়ঙ্গে আর আটকে পড়তে হবে না যাত্রীদের। কলকাতা মেট্রোর ব্লু লাইনে বুধবার নতুন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বেস) চালু করা হয়েছে। এর ফলে মাঝপথে হঠাৎ মেট্রোর সুড়ঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ব্যাটারির শক্তিতে মেট্রো চলবে। পরবর্তী স্টেশন পর্যন্ত মেট্রোর রেকটিকে পৌঁছে দেবে ব্যাটারিই। তার পর সেখানে যাত্রীদের নিরাপদে মেট্রো থেকে বার করা যেতে পারে। সুড়ঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রোর ভিতরে বায়ু চলাচলেও ব্যাঘাত ঘটবে না। ফলে যাত্রীদের দমবন্ধ হয়ে আসার সম্ভাবনা নেই।

Advertisement

বুধবার সেন্ট্রাল মেট্রো স্টেশনে এই নতুন ব্যবস্থা আনুষ্ঠানিক ভাবে চালু করেছেন মেট্রো কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র-সহ একাধিক সিনিয়র আধিকারিক। সংবাদসংস্থা পিটিআইকে শুভ্রাংশু বলেন, ‘‘এটি একটি ব্যাক-আপ ব্যবস্থা। আচমকা বিদ্যুৎ চলে গেলে এর মাধ্যমে যাত্রীবোঝাই মেট্রো রেকটিকে নিরাপদে নিকটবর্তী স্টেশনে পৌঁছে দেওয়া যাবে। বায়ু চলাচল ব্যবস্থাও সক্রিয় থাকবে। ফলে যাত্রীদের কোনও অসুবিধা হবে না।’’ এক দিন আগেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে এই নতুন ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল। তার পর বুধবার তা চালু করা হল।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কলকাতা মেট্রোর ব্লু লাইনের দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। এর মধ্যে দমদম থেকে মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) পর্যন্ত স্টেশন মাটির নীচে রয়েছে। মূলত এই ১৭ কিলোমিটারের পথেই নতুন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু হল। এর মেয়াদ অন্তত ১৪ বছর।

মেট্রোরেলের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের পর সুড়ঙ্গের মাঝপথ থেকে নিকটবর্তী স্টেশনে মেট্রো রেককে আনার ক্ষেত্রে নতুন ব্যবস্থায় সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। দাবি, পূর্ব ভারতে এবং ভারতীয় রেলে এই প্রথম এই ব্যবস্থার প্রয়োগ করা হল।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে নিত্য দিন যাত্রীদের ভোগান্তি লেগেই আছে। প্রায়ই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার কথা শোনা যায়। তার ফলে যাত্রীরা সুড়ঙ্গে আটকে পড়েন। এর ফলে এক দিকে যেমন মেট্রো চলাচল অনিয়মিত হয়ে পড়ে, তেমনই ব্যস্ত সময়ে যাত্রীরা সুড়ঙ্গে সমস্যায় পড়েন। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নতুন ব্যবস্থা চালু করা হল।

Advertisement
আরও পড়ুন