কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী। ফাইল চিত্র।
সারা দেশের একাধিক বাহিনীকে হারিয়ে সর্বভারতীয় প্রতিযোগিতায় পর পর দু’বছর স্বর্ণপদকজয়ী কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী এ বছর থাকছে সেই প্রতিযোগিতার বাইরে! নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি শুরু করা হলেও শেষ মুহূর্তে তারা পিছিয়ে আসতে কার্যত বাধ্য হতে হয়েছে বলে খবর। রাজ্য পুলিশের দল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই ঘোড়া-সহ রওনা দিলেও ইডেনে বিশ্বকাপের ম্যাচের ভিড় সামলানোর পরিকল্পনাতেই আপাতত ব্যস্ত কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনী।
২০২৪ সালের পরে ২০২৫। ‘অল ইন্ডিয়া পুলিশ ইকোয়েসট্রিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যান্ড মাউন্টেড পুলিশ ডিউটি মিট’-এ নিজেদের দক্ষতা দেখিয়েছিল কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়া। কেন্দ্রীয় সংস্থার একাধিক বাহিনী ছাড়াও একাধিক রাজ্যের বাহিনীকে হারিয়ে পর পর দু’বার স্বর্ণপদক জিতে কলকাতায় ফিরেছিল বাহিনীর ঘোড়ারা। ইডেনে বাজি-কাণ্ডে আহত ঘোড়াও সেই প্রতিযোগিতায় গিয়ে সোনা জিতিয়ে ফিরেছিল। এ বছর ১৪ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রদেশে এই সর্বভারতীয় প্রতিযোগিতা শুরু হচ্ছে। যদিও এ বছর তাতে যোগ দিতেই পারছে না কলকাতাপুলিশের ঘোড়ারা। বরং প্রতিযোগিতা চলার সময়ে ইডেন গার্ডেন্সেটি-২০ বিশ্বকাপের ভিড় সামলাবেন ঘোড়া-সহ ঘোড়সওয়ার বাহিনীর সদস্যেরা।
বাহিনী সূত্রের খবর, ইডেনে এ বছর টি-২০ বিশ্বকাপের সাতটি ম্যাচ রয়েছে। এ ছাড়া বিশ্বকাপের নকআউট পর্যায়ের ম্যাচও কলকাতায় হতে পারে। ফলে এই খেলাগুলি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে ম্যাচের দিন ময়দান চত্বরের নিরাপত্তায় কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনীর প্রয়োজন রয়েছে। ম্যাচের দিন শুধু ভিড় সামলানোই নয়, টিকিট বিক্রি সংক্রান্ত ভিড়ের নিরাপত্তার দিকটিও সামলাতে হচ্ছে এই বাহিনীকে। এ ছাড়া রাজ্যে ভোট আবহে কলকাতা-কেন্দ্রিক মিটিং-মিছিলের চাপও ইদানীং বেড়েছে। সেই সংক্রান্ত ভিড় সামলাতেও কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনীকে মাঝেমধ্যেই মাঠে নামতে হচ্ছে। ডিউটির এই ‘চাপ’-এর মধ্যে প্রায় তিন সপ্তাহের জন্য বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যদের ভিন্ রাজ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পাঠানো অনেকটাই ঝুঁকির হয়ে যাচ্ছিল। ফলেই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি শুরু হলেও শেষ মুহূর্তে সরে আসতে হয়েছে বলে বাহিনী সূত্রে জানা গিয়েছে।
যদিও রাজ্য পুলিশের বাহিনী এই প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের ঘোড়সওয়ার বাহিনীর একটি দল ব্যারাকপুর থেকে ট্রেনে মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছে। কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনী সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্য পুলিশেরএই দলের সঙ্গেই তাদেরওযাওয়ার কথা ছিল। এক আধিকারিকের কথায়, ‘‘ডিউটি তো আমাদেরপ্রধান কর্তব্য। ফলে সেই কর্তব্যের চাপ এলে তখন ইচ্ছা থাকলেওঅনেক কিছুরই উপায় থাকে না। এ বছর সেই কর্তব্যের চাপের কাছেই নতি স্বীকার করতে হল।’’