Supratim Sarkar

প্রবেশ সুগম করতে থানায় হবে ব়্যাম্প

লালবাজার জানিয়েছে, কয়েক বছর আগে শহরের ২৫টি থানায় বিশেষ ভাবে সক্ষম, অশক্ত ও প্রবীণদের জন্য র‌্যাম্প তৈরি হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫
কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। ফাইল চিত্র।

চলতি বছরে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলার লিটল ম্যাগাজ়িন প্যাভিলিয়নে র‌্যাম্প তৈরি করে দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বার যে সব থানায় প্রবেশের জন্য র‌্যাম্প নেই, সেখানে হুইলচেয়ার আরোহী এবং বৃদ্ধ ও অশক্তদের কথা ভেবে নতুন করে র‌্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার। গত সপ্তাহে কলকাতা পুলিশের থানাগুলিকে এই নির্দেশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, র‌্যাম্প তৈরির কাজ দ্রুত শেষ করতে।

লালবাজার জানিয়েছে, কয়েক বছর আগে শহরের ২৫টি থানায় বিশেষ ভাবে সক্ষম, অশক্ত ও প্রবীণদের জন্য র‌্যাম্প তৈরি হয়েছিল। নগরপালের সাম্প্রতিক নির্দেশের পরে ৩৫টি থানায় তড়িঘড়ি র‌্যাম্প তৈরি করা হয়েছে। বাকি ২০টি থানায় র‌্যাম্প তৈরির কাজ চলছে। তবে কড়েয়া, বেলেঘাটা, বেহালা, বৌবাজারের মতো থানা, যেগুলি দোতলায় অবস্থিত, সেখানে কী হবে, তা নিয়ে অবশ্য লালবাজারের তরফে কিছু বলা হয়নি। উল্লেখ্য, দোতলায় অবস্থিত ওই থানাগুলিতে হয় লিফট নেই, অথবা লিফট বিকল হয়ে রয়েছে।

প্রসঙ্গত, বিশেষ ভাবে সক্ষম বা অশক্ত ও প্রবীণ নাগরিক— কারও জন্যই কলকাতা বইমেলার লিটল ম্যাগাজ়িন প্যাভিলিয়নে এত দিন র‌্যাম্প ছিল না। ফলে তাঁদের ওই প্যাভিলিয়নে যেতে হলে কয়েক ধাপ সিঁড়ি ভাঙতে হত। চলতি বছরেও প্রথম দিকে র‌্যাম্পের ব্যবস্থা না থাকায় বইপ্রেমীদের ক্ষোভের মুখে পড়েন মেলা কর্তৃপক্ষ। তার পরেই লিটল ম্যাগাজ়িন প্যাভিলিয়নে ঢোকার জন্য র‌্যাম্প করে দেওয়া হয়।

একই অবস্থা ছিল কলকাতা পুলিশের বিভিন্ন থানার। কোথাও দু’-তিনটি সিঁড়ি, কোথাও বা তারও বেশি ধাপ টপকে তবেই থানায় ঢুকতে হত অভিযোগকারী এবং ভুক্তভোগীদের। অভিযোগ, এর ফলে মূলত সমস্যায় পড়তেন বিশেষ ভাবে সক্ষম, অশক্ত এবং প্রবীণ নাগরিকেরা। সূত্রের খবর, সকলে যাতে থানায় সহজে প্রবেশ করতে পারেন, সে কথা ভেবেই নতুন করে সব থানায় র‌্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন