CBSE Board Exam 2026

ডিজিটাল পদ্ধতিতে হবে মূল্যায়ন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর জমা দেওয়ার নির্দেশ সিবিএসই-র

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) তরফে ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষার আয়োজ করা হয়েছিল। সেই পরীক্ষার নম্বর জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত করে দিল বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সিবিএসই স্কুলগুলিতে দশম এবং দ্বাদশের পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি। তার আগেই প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর জমা দেওয়ার শেষ দিন জানিয়ে দিল বোর্ড। এখনও পর্যন্ত এই প্রক্রিয়া ৩০ শতাংশ স্কুল সম্পূর্ণ না করায় নির্দিষ্ট দিন পর্যন্ত নম্বর জমা দেওয়ার সুযোগ দিতে চলেছে বোর্ড। ওই সব স্কুলকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট-এর সমস্ত নম্বর অনলাইনে জমা দিতে হবে।

Advertisement

২০২৬-এ দশম ও দ্বাদশের পরীক্ষায় বসবে প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী। এত সংখ্যক পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের জন্য ‘অন স্ক্রিন মার্কিং’ চালু করতে চলেছে বোর্ড। এ বার থেকে কোনও বিশেষ কেন্দ্রে খাতা পাঠাতে হবে না। তার বদলে অনলাইনে একটি বিশেষ পোর্টাল মারফত নম্বর পাঠানোর সুযোগ থাকছে।

তবে, এই পদ্ধতিতে আপাতত দ্বাদশের পড়ুয়াদের খাতার মূল্যায়ন হতে চলেছে। স্কুলের কম্পিউটার ব্যবহার করে খাতা দেখা, নম্বর মিলিয়ে নেওয়ার কাজ করা হবে। যদিও দশমের পড়ুয়াদের খাতা দেখার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে মূল্যায়ন চালু করা হবে না। তাদের খাতা আগের মতোই নির্দিষ্ট কেন্দ্রে পাঠাতে হবে।

অনলাইনে খাতা দেখার জন্য যে বিশেষ পোর্টাল চালু করা হয়েছে, তাতে স্কুল শিক্ষকদের নাম, বিষয়, অভিজ্ঞতা, জন্ম তারিখ, ফোন নম্বর এবং ই-মেল আইডি-র তথ্য থাকা আবশ্যক। এই সমস্ত তথ্য ওই পোর্টালে ১৩ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলিকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পোর্টাল থেকে কী ভাবে খাতা দেখতে হবে, কোথায় নম্বর জমা দিতে হবে, তা জানাতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণও দেবে সিবিএসই।

Advertisement
আরও পড়ুন