—প্রতিনিধিত্বমূলক ছবি।
ফের ভোগান্তি মেট্রো-যাত্রীদের। শনিবার দুপুরে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো থমকে গিয়েছে কালীঘাট স্টেশনে। শনিবার দুপুর ১টা নাগাদ এই অসুবিধা হয়। পরের মেট্রো ধরতে হয়েছে যাত্রীদের।
গত মঙ্গলবারই হাওড়া থেকে সেক্টর ফাইভগামী মেট্রো থমকে গিয়েছিল প্রায় আধ ঘণ্টা। হাওড়া মেট্রো স্টেশন থেকে ঘোষণা করা হয়, নতুন করে কেউ যেন টিকিট না কাটেন। অন্য দিকে, যাঁরা মেট্রো কার্ড ব্যবহার করেন, তাঁরা প্ল্যাটফর্মের দিকে পৌঁছোন। সে দিন বিকেলে মেট্রো বিবৃতি দিয়ে জানায়, দুপুরে গ্রিন লাইনের মহাকরণ স্টেশনে রাবার ফেন্ডার পুড়তে দেখা যায়। তড়িঘড়ি তা নেবানো হয়। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল ১১টা ৪৪ থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত ডাউন লাইনের পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।
অন্য দিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায়শই অঘটন হয়। আত্মহত্যার চেষ্টা থেকে যান্ত্রিক ত্রুটি, সপ্তাহে কোনও না কোনও দিন অসুবিধা লেগেই রয়েছে। ব্যস্ত সময়ে ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। শনিবারে মেট্রো-বিভ্রাটের কারণ এখনও পর্যন্ত পরিষ্কার নয়।
দুপুরে বিবৃততে মেট্রো জানিয়েোছে, ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে একটি আপ ট্রেন কিছু ক্ষণের জন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য থামানো হয়েছিল। পরীক্ষার জন্য শেডে পাঠানোর পর পুনরায় চালু করা হয়েছে। যাত্রীরা পরবর্তী ট্রেনে উঠে পড়েছেন। দুপুর ১টা ১০ মিনিট থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে।