Ramakrishna Mission Institute of Culture

কলকাতার কড়চা: ইতিহাস ও শিল্পের সমন্বয়

পোর্সেলিন সেরামিক্সের প্রকারভেদ। সেকালে যাঁরা ইউরোপ ভ্রমণের সুযোগ পেতেন, তাঁরা দেশে ফেরার সময় পুতুল ছাড়াও সেরামিক্স ও পোর্সেলিনের দেওয়াল-সজ্জার উপকরণ ও নানা তৈজসপত্র নিয়ে আসতেন। কলকাতার নামী বিপণি থেকে সংগৃহীত সেই সব পসরা ছিল সেকালের শৌখিনতার মাপকাঠি।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৬:৪৮

আয় লো আয় সাধের সই, খেলার সাজ নিয়ে/ আর তো খেলব না খেলা পরের ঘরে গিয়ে।” আজ বেমানান হলেও, পুরনো দিনে অন্দরমহলে শোনা যেত এই গানে ধরে রাখা, শ্বশুরবাড়ি যাওয়ার সময় কনের কান্নার শব্দ। বিদায়লগ্নে মনের দুঃখ মুছিয়ে দিতে সঙ্গে দেওয়া হত পুতুলের সম্ভার। বর্ধিষ্ণু পরিবারে দেওয়া হত পোর্সেলিনের অন্নপূর্ণা, শিব, সরস্বতীর মূর্তিও। খেলার ছলে শিশুমনে পূজা-পার্বণের ভক্তি গেঁথে দেওয়া যাবে, সেই ভাবনাতেই বড়রা উপহার দিতেন জার্মান পোর্সেলিনের দেবদেবী-প্রতিমা। কালে দিনে সেগুলি হয়ে ওঠে আভিজাত্যের প্রতীক।

পোর্সেলিন সেরামিক্সের প্রকারভেদ। সেকালে যাঁরা ইউরোপ ভ্রমণের সুযোগ পেতেন, তাঁরা দেশে ফেরার সময় পুতুল ছাড়াও সেরামিক্স ও পোর্সেলিনের দেওয়াল-সজ্জার উপকরণ ও নানা তৈজসপত্র নিয়ে আসতেন। কলকাতার নামী বিপণি থেকে সংগৃহীত সেই সব পসরা ছিল সেকালের শৌখিনতার মাপকাঠি। সাংস্কৃতিক আদানপ্রদানের নানা বিস্ময়কর ছাপ রয়েছে সেই সংগ্রহে। রাধাপ্রসাদ গুপ্তের রচনায় লন্ডন শহরের যে ফেরিওয়ালাদের কথা লেখা আছে, তাঁরাও উঠে এসেছেন সেরামিক প্লেটের গায়ে নকশা হয়ে। হাতি বা ময়ূরের মতো ভারতীয় মোটিফ অবলম্বনেও বিদেশে তৈরি হত নানা শৌখিন সামগ্রী। বহু প্রজন্ম ধরে সংগৃহীত সে-সব নিদর্শন আজও শহরের প্রাচীন পরিবারগুলির গর্ব।

সময়ের সঙ্গে বদলায় জীবন, উত্তরাধিকারসূত্রে পাওয়া সে-সব অমূল্য সম্পদের রক্ষণাবেক্ষণ আজ অনেকের কাছেই এক চ্যালেঞ্জ। ভবিষ্যতের কথা ভেবে ও স্থায়ী সংরক্ষণের লক্ষ্যে অনেকেই এই পারিবারিক সংগ্রহ তুলে দিচ্ছেন সংগ্রহশালাকে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্কের মিউজ়িয়ম ও আর্ট গ্যালারি সম্প্রতি আন্তর্জাতিক সমীক্ষায় কলকাতার সেরা ষোলো সংগ্রহশালার অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানেই কর্তৃপক্ষের কাছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসু বা ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতো মনীষীদের উত্তরসূরিরা তুলে দিয়েছেন তাঁদের পারিবারিক সেরামিক্স-সংগ্রহ।

তিনটি মহাদেশ থেকে সংগৃহীত সেরামিক্সের দেবদেবী, শৌখিন সামগ্রী, নামী শিল্পীর চিত্রের আদলে সজ্জিত প্লেট, সপ্রাণ ভঙ্গিমায় জীবজন্তু বা নিত্যব্যবহারের তৈজসপত্রে সেজে উঠছে এই সংগ্রহশালার নতুন এক বিভাগ, ‘ওয়র্ল্ড অব সেরামিক অ্যান্ড ফিউশন গ্যালারি’। আগামী ৮ জুলাই বুধবার বিকাল ৪টায় বহমান সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এই স্থায়ী প্রদর্শনীর উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্ঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দ। দেশ-বিদেশের সাংস্কৃতিক নিদর্শনসমৃদ্ধ সংগ্রহশালাটি খোলা থাকে ছুটির দিন বাদে, সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা-সন্ধে সাড়ে ৬টা। সঙ্গের ছবিতে নতুন গ্যালারির কিছু প্রদর্শ।

মানুষের জন্য

কটন কলেজ আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে কলাম্বিয়া ইউনিভার্সিটির বৃত্তি নিয়ে তরুণ ভূপেন হাজারিকা এসেছেন আমেরিকায়, গবেষণা করতে। সেখানেই দেখা পল রোবসনের সঙ্গে, ‘ওল’ম্যান রিভার’ গেয়ে যিনি বলেছিলেন, গিটারটা স্রেফ সুরযন্ত্র নয় এক, সমাজ বদলের অস্ত্রও। রাষ্ট্র ও সমাজের প্রতিকূলতার মুখে মানুষ আর তার অধিকারের সুর ও স্বর বাকি জীবনে চিরসঙ্গী হয়ে ওঠে ভূপেন হাজারিকার (ছবি), অসমের বরগীত থেকে সারা ভারতের গণগীত-এ অধিষ্ঠান তাঁর শিল্পীজীবনের অভিজ্ঞান। ভারতরত্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার-সহ নানা সম্মাননায় ভূষিত এই শিল্পী গীতিকার সুরকার পরিচালকের শতবর্ষ এগিয়ে আসছে (জন্ম ৮ সেপ্টেম্বর ১৯২৬)। তাঁর স্মরণে আজ বিকেল ৫টায় যাদবপুরে ইন্দুমতী সভাগৃহে সাঙ্গীতিক স্মরণ ‘সুরনন্দন ভারতী’র। প্রকাশিত হবে রা পত্রিকার ভূপেন হাজারিকা সংখ্যা, বাঘাযতীন যোগপ্রভা ফাউন্ডেশন প্রকাশ করবে একটি বইও— ভূপেন: মানুষের জন্য।

রবি-নৃত্যনাট্য

রবীন্দ্র-নৃত্যনাট্য উৎসবের উদ্যোগ করেছে ওপেন উইন্ডো সোসাইটি, গত বছরের পর এ বারও: সহযোগিতায় মিউজ়িক ২০০০। রেকর্ড করা গানবাজনা আর ফিউশন নাচের বাজারে ব্যতিক্রমী। অনুষ্ঠান এ বার শহরের উত্তরে দক্ষিণে: আজ ৫টায় দমদম পুরসভার অরো প্রেক্ষাগৃহে, আগামী ৮-৯ জুলাই একই সময়ে উত্তম মঞ্চে। প্রতিদিন দু’টি করে নৃত্যনাট্য, সমবেত রবীন্দ্রসঙ্গীত-সহ নৃত্য, একক গান। নৃত্যনাট্য-আঙ্গিকে হবে তাসের দেশ ভানুসিংহের পদাবলী শ্যামা চিত্রাঙ্গদা বাল্মীকি-প্রতিভা ও মায়ার খেলা। প্রায় তিনশো শিল্পীর অংশগ্রহণে বিরাট আয়োজন, শিল্পী-জুটি স্বরূপ ও স্বাতী পালের নির্মাণে।

দুই আদর্শ

ঐক্য ও পার্থক্য, দুই-ই কি নয় ভারতাত্মার মূলসুর? নানা ভাষা মত পরিধান দল মতের ফারাক থাকবে, অক্ষুণ্ণ থাকবে মূলগত ঐক্যও, এই কি নয় ভারতের জীবনবেদ? এই নিয়েই নেতাজি রিসার্চ ব্যুরো-র অনুষ্ঠান ‘ইউনিটি অ্যান্ড ডিফারেন্স’, ৫ জুলাই রবিবার সন্ধে ৬টায়, নেতাজি ভবনে। রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনায় কী ছিল ঐক্য ও পার্থক্যের অবস্থান, ভারতের স্বাধীনতা সংগ্রামেই বা তার রূপটি কেমন, বলবেন সরণীন্দ্রনাথ ঠাকুর ও সুগত বসু; রবীন্দ্রনাথ-সুভাষচন্দ্র সম্পর্ক প্রসঙ্গে শিশির বসু ও কৃষ্ণা বসুর লেখা থেকে পড়বেন সুমন্ত্র বসু। ১৯৪৩-এর জুলাইয়ে নেতাজির দক্ষিণ-পূর্ব এশিয়ায় আগমনের আলোকচিত্র ও আর্কাইভাল ফুটেজ দেখা যাবে, আর আছে রোহিণী রায়চৌধুরীর রবীন্দ্রগান, এই ভাবনায়।

মনে রেখে

আমেরিকা-ইরান দ্বৈরথে সঙ্কটজনক হরমুজ়-পরিস্থিতি; উপসাগরীয় অঞ্চল ও এশিয়া ছাড়িয়ে তার আঁচ লাগছে বাকি বিশ্বেরও গায়ে। জ্বালানি সঙ্কট, মূল্যবৃদ্ধি, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুর্বিপাক মানুষকে ঢাকছে গভীর অনিশ্চয়তার অন্ধকারে। এই সংঘাতে কোনও পক্ষকেই কি মানবিক, কল্যাণকামী বলা চলে? ভারতীয় গণনাট্য সঙ্ঘ (আইপিটিএ) কলকাতা এই প্রেক্ষিতেই ভেবেছে সাংস্কৃতিক প্রতিরোধের কথা। আজ ও কাল, ৪-৫ জুলাই সন্ধে ৬টায় রিপন স্ট্রিটে প্রসেনিয়াম আর্ট সেন্টারে তাদের উদ্যোগে দেখানো হবে বহুচর্চিত দু’টি ছবি: ইরানের চিত্রপরিচালক মাজিদ মাজিদি-র দ্য কালার অব প্যারাডাইস ও জাফর পানাহি-র ট্যাক্সি। সঙ্গে অভিনীত হবে দু’টি নাটকও, ‘গণনাট্য প্রান্তিক’-এর প্রযোজনা মানবিক এবং ‘স্পন্দন’-এর আমার দেশ।

হীরকজয়ন্তী

ষাট বছরের নাট্যসফর পূর্ণ করছে ‘থিয়েটার ওয়ার্কশপ’ নাট্যদল, আগামী ১১ জুলাই। অ্যাকাডেমি মঞ্চে সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এই উপলক্ষে তাদের নবতম প্রযোজনা গদাইবাবু আসছেন, স্যামুয়েল বেকেট অবলম্বনে। রূপান্তর-নির্দেশনায় অশোক মুখোপাধ্যায়, প্রধান দুই চরিত্রে গৌতম হালদার ও লোকনাথ দে। আগের দিন সন্ধ্যা ৬টায় একই মঞ্চে ‘ইচ্ছেমতো’র প্রযোজনা যে জানালাগুলোর আকাশ ছিল; রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে তৈরি এ নাটকের নির্দেশক সৌরভ পালোধী এ নাটকের জন্য বর্ষসেরা নাট্যকার হিসেবে ‘সত্যেন মিত্র সম্মাননা’য় ভূষিত হবেন এ দিন। নতুন প্রযোজনা, সম্মাননা ও নাট্যোৎসব, স্মারক গ্রন্থ প্রকাশ— তিন পর্বে ভাবা হয়েছে থিয়েটার ওয়ার্কশপ-এর হীরকজয়ন্তী উদ্‌যাপন, দলের কর্ণধার অশোক মুখোপাধ্যায় জানালেন।

প্রাণ-প্রকৃতি

আফ্রিকা শুধু এক ভৌগোলিক ভূখণ্ড নয়, প্রাণ-পরিবেশ মিলিয়ে এক বৈচিত্রময় সত্তা। এই অনুভূতির তীব্রতা সম্ভবত সর্বোচ্চ শিখরে পৌঁছয় মাসাইমারা প্রান্তরে। জল ও খাদ্যের খোঁজে মাসাইমারা থেকে সেরেঙ্গেটির দিকে বন্যপ্রাণের পরিযাণ যেমন ভ্রামণিককে আকৃষ্ট করে, তেমনই মন টানে আলোকচিত্রীরও। শিলাদিত্য চৌধুরী তাঁর আনটেমড কেনিয়া (প্রকা: দীপ) বইয়ে কেনিয়ার এই রূপই ধরেছেন। তাঁর ক্যামেরায় আফ্রিকার সিংহের শিকার ও বিশ্রামের দৃশ্যের (ছবি) সঙ্গেই আছে গাছের ডালে বসে চিতাবাঘের মহাভোজ উপভোগের মুহূর্ত। ফ্রেমবন্দি হয়েছে দুই শিংওয়ালা গন্ডার ও জ়েব্রার ক্ষুধা-তৃষ্ণা মেটানোর দৃশ্য, কুমিরের শিকার ধরার নাটকীয় মুহূর্ত। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে কেনিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক প্রকাশ হল।

স্মৃতি-তর্পণ

রবি ঘোষের সূত্রে সত্যজিৎ রায়ের সঙ্গে আলাপ নিমাই ঘোষের (ছবি)। পূর্ব-অভিজ্ঞতা ছাড়াই ‘গুগাবাবা’-সূত্রে প্রথম ছবি তোলা তাঁর, দেখে খুশি হয়েছিলেন সত্যজিৎ। পরে অরণ্যের দিনরাত্রি-র সময় ডেকে নেন আউটডোরে। সত্যজিৎ রায়ের ফোটোবায়োগ্রাফার পরিচয়ে খ্যাত নিমাই ঘোষের ছবি প্রদর্শিত হয়েছে দেশে-বিদেশে বহু চলচ্চিত্র উৎসব ও গ্যালারিতে, পেয়েছেন বহু পুরস্কার, পদ্মশ্রী সম্মাননা। তাঁর ছবির বইয়ের যাত্রা শুরু সত্যজিৎ রে অ্যাট সেভেন্টি দিয়ে, এ ছাড়াও আছে সত্যজিৎ রে: আ ভিশন অব সিনেমা, মাণিকদা, ড্রামাটিক মোমেন্টস, ফেসেস অব ইন্ডিয়ান আর্ট, উত্তম মুহূর্ত, নিমাই ঘোষের কলকাতা। জীবনস্মৃতি আর্কাইভ ও অন্য থিয়েটার-এর উদ্যোগে এ বার তা নিয়েই প্রদর্শনী ‘নিমাই ঘোষের ছবির বই’, অরিন্দম সাহা সরদারের ভাবনা ও রূপায়ণে— ৩ ও ৫ জুলাই সল্টলেকে অন্য থিয়েটার ভবনে। প্রথম দিন উপস্থিত ছিলেন শিল্পীর পুত্র সাত্যকি ঘোষ-সহ গুণিজনেরা, আগামী কাল বিকেল ৫টায় ‘থিয়েটারের আলোকচিত্রী নিমাই ঘোষ’ প্রসঙ্গে বলবেন শমীক বন্দ্যোপাধ্যায়।

নবম বর্ষে

ছোট ছবির মেলা বসেছে নন্দন-৩ প্রেক্ষাগৃহে। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ় অব ইন্ডিয়া (এফএফএসআই)-এর পূর্বাঞ্চল শাখার আয়োজনে নবম বর্ষের সাউথ এশীয় ছোট ছবির উৎসব, ৩ থেকে ৯ জুলাই সাত দিনে কর্তৃপক্ষ দেখাবেন ১০৭টা ছবি! নানা ঘরানার ছোট ছবি— নিরীক্ষামূলক, স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, অ্যানিমেশন, বায়োপিক, পরিবেশ নিয়ে ছবি আছে যেমন, তেমনই একগুচ্ছ তথ্যচিত্রও। ভারতের নানা প্রান্তের চিত্রনির্মাতাদের কাজ, বাংলা হিন্দি অসমিয়া মরাঠি মালয়ালম গুজরাতি-সহ নানা ভাষায় তৈরি; সেই সঙ্গে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কারও। ভূগোলের গণ্ডি ছাড়িয়ে দেখা যাবে চিন প্যালেস্টাইন জার্মানি কানাডা এস্টোনিয়ার কিছু ছবিও। প্রতিযোগিতামূলক এই উৎসবে শ্রেষ্ঠ তথ্যচিত্রের সম্মাননাটি সত্যজিৎ রায় নামাঙ্কিত, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ভূষিত হবে ঋত্বিক ঘটক সম্মাননায়। উৎসব, রোজ দুপুর ১টা থেকে।

আরও পড়ুন