সংস্কারের কাজ শুরু হয়েছে নিউ টাউনের বিভিন্ন বাস স্টপে। তুলে ফেলা হচ্ছে পোস্টার। — নিজস্ব চিত্র।
বাস স্টপ, বাজার কমপ্লেক্স বা অন্য কোনও সরকারি ভবনের দেওয়াল নোংরা করে দৃশ্যদূষণ ঘটালে কড়া ব্যবস্থা নেবে ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ বা এনকেডিএ। প্রয়োজনে জরিমানাও করা হতে পারে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা শহরের বিভিন্ন সরকারি ভবনের দেওয়াল এমনিতেই নোংরা। ধীরে ধীরে সল্টলেক সংলগ্ন নিউ টাউনেও সরকারি ভবনের সেই দশা হচ্ছে। সেখানেও বহু জায়গায় সরকারি ভবনেরদেওয়াল, রাস্তার আইল্যান্ড অথবা বাস স্টপ নোংরা হয়ে গিয়েছে। থুতু বা গুটখার পিক ফেলা তো চলছেই, সেই সঙ্গেই রয়েছে যত্রতত্রব্যানার-পোস্টার সাঁটানোর প্রবণতা। এমন প্রবণতা ঠেকাতে এনকেডিএ কোমর বেঁধে নামতে চাইছে। তবে, শেষ পর্যন্ত দৃশ্যদূষণ কতটা ঠেকানো যাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে আধিকারিকদের মনেও। আপাতত রাস্তার ধারের বাস স্টপগুলির সংস্কারের কাজ শুরু করেছে এনকেডিএ।
নিউ টাউনের বিশ্ব বাংলা সরণি ছাড়া অন্যান্য রাস্তায় এখনও পর্যন্ত গাড়ি চলাচলের খুব বেশি চাপনেই। ফলে, সর্বত্র লোকজনের ভিড়ও ততটা দেখা যায় না। তা সত্ত্বেওপ্রায় প্রতিটি বাস স্টপেই দেখা যায়, সাঁটা রয়েছে বিজ্ঞাপনের পোস্টার, পড়ে আছে পান-গুটখার পিক। বর্জ্য প্লাস্টিক বা জিনিসপত্র ফেলেও অনেকে নোংরা করেন ওই সবজায়গা। এই সংক্রান্ত অভিযোগ পৌঁছেছে এনকেডিএ কর্তৃপক্ষের কাছে। যার সূত্রে বাস স্টপগুলি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। এনকেডিএ জানাচ্ছে, নিউ টাউনে ১৭টি বাস স্টপ রয়েছে। প্রায় সব ক’টিই বিভিন্ন ভাবে নোংরা করা হয়েছে। সব ক’টি বাস স্টপই সংস্কার করা হবে। ওই সংস্থার এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘‘সরকারি সম্পত্তি এ ভাবে নোংরাকরলে জরিমানা করা হবে। এমনটা ভাবার কারণ নেই যে, যাঁদেরজন্য নোংরা হচ্ছে, তাঁদের ধরা যাবে না। সর্বত্রই সিসি ক্যামেরা রয়েছে।নিউ টাউন সবুজ শহর। এখানেএই ধরনের দূষণ বরদাস্ত করা হবে না।’’
পরিচ্ছন্নতা ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে নিউ টাউনে একসময়ে সাইকেল ভাড়া দেওয়ার ব্যবস্থা, সাইকেল বে-সহ নানা ধরনের পদক্ষেপ করেছিল এনকেডিএ।কিন্তু সাইকেল বে তৈরি হলেও সাইকেল ব্যবহারের অভ্যাস সে ভাবে গড়ে ওঠেনি বাসিন্দাদেরমধ্যে। এর পরে দেখা যায়, সাইকেল বে-তে বেআইনি ভাবে গাড়ি রাখা হচ্ছে। দূষণবিহীন, ব্যাটারিচালিত বাস পরিষেবারও তেমন ভাবেপ্রসার ঘটতে পারেনি সেখানে।বদলে অটোর দাপাদাপি বেড়েছে দিনদিন। এমতাবস্থায় রাস্তার ধারের আধুনিক মানের বাস স্টপগুলির সংস্কারের কাজ করা হলেও কত দিন সেগুলির পরিচ্ছন্নতা বজায় থাকবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
নিউ টাউনের বাসিন্দাদের অনেকেরই ক্ষোভ রয়েছে এইদৃশ্যদূষণ নিয়ে। বিশেষত, প্রবীণদের অনেকেরই অভিযোগ, বিভিন্ন জায়গায় মাসাজ পার্লার আর স্পা-এরপোস্টার দেখে তাঁরা বিরক্ত হন। অধিকাংশ বাস স্টপই এই ধরনের পোস্টারে ঢেকে গিয়েছে। সেই সঙ্গেই রয়েছে বাড়ি ভাড়া, জমি-বাড়ির দালালি-সহ নানা বিষয়ের বিজ্ঞাপনী পোস্টার। এই সব পোস্টার তুলে ফের নতুন করে বাস স্টপগুলিসাজানো হচ্ছে।