— প্রতীকী চিত্র।
পুলিশি হেফাজতে থাকা, দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মাটি চুরির যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার পুনর্নির্মাণ করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্তারা। বৃহস্পতিবার দিলীপকে নিয়ে বিষ্ণুপুরের সারদা গার্ডেনের ঘটনাস্থলে আসেন তদন্তকারীরা। প্রসঙ্গত, বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমি রয়েছে বিষ্ণুপুর থানা এলাকায়। ওই জমি বাজেয়াপ্ত করেছে ইডি। দিলীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তাঁর সিন্ডিকেট বাহিনী ওই সব জমির মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করেছেন। বিক্রি করা মাটির বাজারদর কয়েক কোটি টাকা। অভিযোগ, সেই টাকায় লাভবান হয়েছেন দিলীপ।
দিলীপের বিরুদ্ধে আরও অভিযোগ, সারদা গার্ডেন ছাড়াও বিষ্ণুপুর থানার অন্তর্গত আরও একাধিক এলাকায় তিনি সিন্ডিকেট মারফত সরকারি ও বেসরকারি জমি দখল করেছিলেন। ওই সব জমিতে অবৈধ নির্মাণও হয়।
প্রসঙ্গত, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজয় মিছিল থেকে পুলিশকে শাসানি দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দিলীপকে। এর পরে জমি দখল ও মাটি কেটে বিক্রি, বাড়িতে অগ্নিসংযোগ, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ প্রায় ১০টি মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। ওই সব মামলাতেই পুলিশি হেফাজতে রয়েছেন দিলীপ।