Unnatural Death in Jadavpur

চিকিৎসার জন্য এসেছিলেন কলকাতায়, যাদবপুরে চারতলা থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের! থুতু ফেলতে গিয়েই কি দুর্ঘটনা?

পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধ ওই ভবনের উপরের তলার শৌচালয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময়েই চতুর্থ তল থেকে পড়ে যান তিনি। অনুমান করা হচ্ছে, থুতু ফেলতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪

— প্রতীকী চিত্র।

কলকাতায় চিকিৎসা করাতে এসে মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক বৃদ্ধের। আত্মীয়ের বাড়ির চার তলা থেকে পড়ে যান ৬৩ বছর বয়সি তপন দাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার অনুসন্ধান শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুসন্ধানে সন্দেহজনক কিছু মেলেনি। বৃদ্ধ যেখান থেকে পড়ে গিয়েছেন, সেখানে রেলিং নীচু ছিল। পুলিশের অনুমান, থুতু ফেলতে গিয়ে পড়ে গিয়ে থাকতে পারেন তপন।

Advertisement

বৃদ্ধের বাড়ি পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে। সম্প্রতি তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। এই সংক্রান্ত পরীক্ষার জন্য কলকাতায় এসেছিলেন তিনি। বাড়ি থেকে একাই আসেন। কলকাতায় এসে যাদবপুরে দেশবন্ধু রোডে এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন। মঙ্গলবার বেশি রাতের দিকে দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। খতিয়ে দেখা হয় ওই বিল্ডিং এবং সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। তাতে দেখা যায়, ঘটনাটি ঘটেছে রাত ১২টা ৫৯ মিনিটে। ফুটেজের ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধ ওই ভবনের উপরের তলার শৌচালয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময়েই চতুর্থ তল থেকে পড়ে যান তিনি। অনুমান করা হচ্ছে, থুতু ফেলতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, যে জায়গা থেকে বৃদ্ধ পড়ে গিয়েছেন, সেই জায়গায় রেলিং নীচু ছিল। সম্ভবত সেই কারণেই থুতু ফেলতে গিয়ে পড়ে গিয়েছেন তিনি, এমনটাই অনুমান পুলিশের। বৃদ্ধ পড়ে যাওয়ার সময়ে প্রথমে তিন তলার সানশে়ডে ধাক্কা খান। তার পরে নীচে গিয়ে পড়েন। তাঁর পিঠের এক দিকে ঘষে যাওয়ার দাগ রয়েছে বলে সূত্রের খবর। দেহটি উদ্ধার করে এমআর বাঙ্গুরে পাঠিয়েছে পুলিশ। সেখানেই তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে।

Advertisement
আরও পড়ুন