Water Crisis

জলকষ্টে আবাসন, ‘উদাসীন’ পুরসভা

ওই আবাসনের ৩৮টি টাওয়ারে প্রায় ২২০০টি ফ্ল্যাট রয়েছে। বাসিন্দারা জানান, ১৫ বছর ধরে আবাসনের নিজস্ব ভূগর্ভস্থ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। কিন্তু জলস্তর কমতে থাকায় পুর এলাকায় কেএমডিএ-র পাইপলাইন থেকে জল নিতে উদ্যোগ নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৯:১৯

— প্রতীকী চিত্র।

আক্ষরিক অর্থেই নরক-যন্ত্রণা! মহেশতলার ইডেন সিটি আবাসনে পরিস্থিতি এমনই যে, জলের সমস্যায় দৈনন্দিন কাজ বন্ধের জোগাড়। পুরসভাকে একাধিক বার জানানো হলেও জলকষ্ট বাড়ছে বলে অভিযোগ। কোথাও একাধিক টাওয়ারের ফ্ল্যাটে জল পৌঁছচ্ছে না। কোথাও জল এলেও তা ব্যবহারের অযোগ্য। আবাসিকেরা এ নিয়ে পুরসভা, পুলিশ-প্রশাসনের কাছে গেলেও গত কয়েক মাসে সমস্যা কয়েক গুণ বেড়েছে বলে অভিযোগ। পুরসভা ও আবাসন কর্তৃপক্ষ যদিও এই অভিযোগ মানছেন না।

ওই আবাসনের ৩৮টি টাওয়ারে প্রায় ২২০০টি ফ্ল্যাট রয়েছে। বাসিন্দারা জানান, ১৫ বছর ধরে আবাসনের নিজস্ব ভূগর্ভস্থ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। কিন্তু জলস্তর কমতে থাকায় পুর এলাকায় কেএমডিএ-র পাইপলাইন থেকে জল নিতে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পুরসভার গড়িমসিতে সেই কাজ এগোয়নি বলে অভিযোগ। গত কয়েক বছরে বিকল্প ব্যবস্থা না হওয়ায় জলসঙ্কট তীব্র হয়েছে। যদিও মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের দাবি, ‘‘কেন্দ্রীয় পাইপলাইন থেকে আবাসনে জল নিতে গেলে কিছু নিয়ম মানতে হয়। নিয়ম মেনে আবেদন করলেই পদক্ষেপ করা হবে।’’ আবাসনের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব সেন বলেন, ‘‘পাম্পের সমস্যার জন্য দু’-এক দিন সমস্যা হতে পারে। খবর পেলেই সমস্যার দ্রুত সমাধান করা হয়।’’

আরও পড়ুন