এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিধাননগর স্টেশনে দুই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে শিয়ালদহ জিআরপি।
শনিবার রাতে ইছাপুর থেকে ডাউন কল্যাণী সীমান্ত লোকালে উঠেছিলেন ২৪ বছর বয়সি এক তরুণী। রাত সাড়ে ৯টা নাগাদ তিনি নামেন বিধাননগর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। অভিযোগ, প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময়েই এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে হেনস্থা করেন। প্ল্যাটফর্মের মধ্যেই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এর পরে বাগুইআটির বাসিন্দা ২৩ বছর বয়সি এক তরুণীরও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় দুই তরুণীর সঙ্গে তিনি অভব্য আচরণ করতে থাকেন। এমনকি বিভিন্ন ভাবে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ওই ঘটনার পর শনিবারই বেশি রাতের দিকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। বিধাননগর স্টেশনের ওই ঘটনায় শ্লীলতাহানি, যৌন হেনস্থা এবং হুমকির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর রুজু করে শিয়ালদহ জিআরপি। কলকাতার শ্যামপুকুর এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই যুবককে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ।