কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। —ফাইল চিত্র।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। তার ফলে তাপমাত্রাও ওঠানামা করবে। ফাল্গুনের শেষ লগ্নে ফের নামতে পারে পারদ।
পূর্বাভাস বলছে, কলকাতায় বুধবার বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শহরের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। ফের বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার থেকে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ১২টি জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। এ ছা়ড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদে রবিবার, নদিয়া এবং হুগলিতে সোমবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তিন দিন পর থেকে ফের পারদ নামবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র। সঙ্গে আবহাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবারের পর দুর্যোগ কিছুটা কমতে পারে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১.৯ ডিগ্রি কম।