Cyber Fraud

সাইবার প্রতারণায় ৩০ হাজার টাকা খোয়ালেন কলকাতার প্রাক্তন সিপি মনোজ বর্মার পুত্র! গ্রেফতার অভিযুক্ত

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পুত্র দিল্লিতে পেয়িং গেস্ট হিসাবে থাকার জন্য ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করেছিলেন। তা করতে গিয়েই সাইবার প্রতারণার শিকার হন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মা।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মা। —ফাইল চিত্র।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মার পুত্র সাইবার প্রতারণার শিকার। অনলাইনে লেনদেন করতে গিয়ে ৩০ হাজার টাকা খুইয়েছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

Advertisement

মনোজের পুত্র দিল্লিতে পেয়িং গেস্ট হিসাবে একটি ঘর ভাড়া করতে চেয়েছিলেন। তা করতে গিয়েই প্রতারিত হয়েছেন বলে খবর। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা ৩০ হাজার টাকা কেটে যায়। আর সেই টাকা উদ্ধার করতে পারেননি মনোজ-পুত্র। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। ৩০ হাজার টাকা লেনদেনের সূত্র ধরে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় রাকেশ প্রধান নামের এক যুবককে। গত ৪ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের হাতে ধরা পড়েন ওই যুবক। বুধবার শহরের ব্যাঙ্কশাল আদালতে এই সংক্রান্ত মামলাটির শুনানি ছিল। ধৃতকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে কলকাতা পুলিশ।

অভিযুক্তের আইনজীবী তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগকারীর বাবার ‘ক্ষমতা’র কথাও আদালতে উল্লেখ করা হয়েছিল। আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্রের বক্তব্য ছিল, ‘‘দিল্লিতে প্রতারণার শিকার হয়েছেন অভিযোগকারী। কিন্তু তিনি অভিযোগ করেছেন কলকাতায়। কারণ তাঁর বাবা প্রাক্তন পুলিশ কমিশনার। এ ভাবে কি অভিযোগ নেওয়া যায়?’’ কেন নিয়ম মেনে দিল্লিতেই অভিযোগ দায়ের করা হল না, প্রশ্ন তুলেছিলেন ধৃতের আইনজীবী। তবে ধৃত যুবকের অ্যাকাউন্টে টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। আদালত তাই পুলিশের আবেদন মঞ্জুর করেছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত অন্যদের হদিসও মিলবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আরজি করে কর্তৃব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে বিনীতের অপসারণের দাবি জোরালো হয়েছিল। সেই সময় বিনীতকে সরিয়ে তাঁর জায়গায় নিয়োগ করা হয়েছিল মনোজকে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। তার পর গত মাসে মনোজের জায়গায় লালবাজারের শীর্ষপদে আনা হয়েছে সুপ্রতিম সরকারকে।

Advertisement
আরও পড়ুন