গোলাপি বুথ। —ফাইল চিত্র।
শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা জোরদার করতে ভোটের ঠিক আগে গোলাপি বুথ এবং মহিলা অফিসার পরিচালিত নজরদারি গাড়ি চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পই জোরদার করল নতুন সরকার। বৃহস্পতিবার কলকাতার নগরপাল এক নির্দেশিকা প্রকাশ করে নজরদারি গাড়ি কোথায় মোতায়েন থাকবে, কোন পথে চলবে—সে সব নির্দিষ্ট করেছেন। সেই সঙ্গে বলা হয়েছে, মহিলা অফিসার পরিচালিত গোলাপি বুথ কোথায় কোথায় থাকছে এবং দিনের কোন সময়ে সেগুলি থেকে সাহায্য পাওয়া যাবে। জানানো হয়েছে, মহিলাদের বিরুদ্ধে হওয়া যৌন হেনস্থা, ইভটিজ়িং, ছিনতাইয়ের অপরাধে সরাসরি পদক্ষেপ করতে পারবেন নজরদারি গাড়ি ও গোলাপি বুথের অফিসারেরা। দু’টিকেই মহিলা বাহিনী উইনার্সের সঙ্গে সমন্বয় রাখতে বলা হয়েছে।
সুপ্রতিম সরকার কলকাতার নগরপাল থাকাকালীন শ্যামবাজারে গোলাপি বুথের উদ্বোধন হয়। উদ্বোধন করা হয় মহিলা পরিচালিত নজরদারি গাড়ি ‘শাইনিং’। বর্তমান নগরপাল অজয়কুমার নন্দ নির্দেশিকায় জানিয়েছেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেট, গোয়ালিয়র ঘাট, রবীন্দ্র সরোবরের প্রবেশপথ এবং সুভাষ সরোবরের কাছে একটি করে ‘শাইনিং’ থাকবে। প্রতি গাড়িতে এক জন মহিলা সাব-ইনস্পেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং এক জন মহিলা কনস্টেবল থাকবেন। সকাল ছ’টা থেকে সকাল ন’টা এবং দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গাড়িগুলি চারটি রুটে নজরদারি চালাবে। একটি রুট হাডকো মোড়, মা উড়ালপুল, লাভার্স লেন, খিদিরপুর রোড, পার্ক স্ট্রিট হয়ে পার্ক সার্কাস মোড় পর্যন্ত। দ্বিতীয়টি, ইএম বাইপাস, রুবি মোড়, বাঘা যতীন, পাটুলি, গড়িয়াহাট হয়ে রুবি মোড় পর্যন্ত। তৃতীয়টি শ্যামবাজার, এ পি সি রোড, মৌলালি, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ভূপেন বসু অ্যাভিনিউ হয়ে শ্যামবাজার এবং চতুর্থটি বেহালা, তারাতলা, টালিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন এলাকার জন্য।
গোলাপি বুথ থাকছে শ্যামবাজার পাঁচমাথার মোড়, হাডকো মোড়, কাঁকুড়গাছি, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তায়। প্রতিটি বুথে দু’জন করে মহিলা কনস্টেবল থাকবেন। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন লালবাজারের ডিসি (উইমেন পুলিশ, হেডকোয়ার্টার্স ফোর্স)। নগরপালের দাবি, ভবিষ্যতে আরও নজরদারি গাড়ি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।