Death Case

ছাত্র-মৃত্যুতে উত্তেজনা নরেন্দ্রপুরে, স্কুলের গাফিলতির অভিযোগ

পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টায় ছাত্রদের গরম পানীয় খাওয়ার কথা। কিন্তু ওই দিন দীপ্তাংশুর আসতে দেরি হওয়ায় সে পানীয় পায়নি। ছাত্ররা জানায়, আগের রাতে খেলা দেখে ঘুমোতে যাওয়ায় আসতে দেরি হয় দীপ্তাংশুর। গরম পানীয় না পেয়ে সে শিক্ষকদের জন্য নিয়ে আসা চা খেয়ে নেয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:২৯

— প্রতীকী চিত্র।

এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। মঙ্গলবার এই স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া দীপ্তাংশু মাহাতোর মৃত্যু হয়। তার পরে স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র, অভিভাবকদের একাংশ। ঘটনার জেরে স্কুলের তরফে তিন কর্মীকে নিলম্বিত করা হয়েছে।

পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টায় ছাত্রদের গরম পানীয় খাওয়ার কথা। কিন্তু ওই দিন দীপ্তাংশুর আসতে দেরি হওয়ায় সে পানীয় পায়নি। ছাত্ররা জানায়, আগের রাতে খেলা দেখে ঘুমোতে যাওয়ায় আসতে দেরি হয় দীপ্তাংশুর। গরম পানীয় না পেয়ে সে শিক্ষকদের জন্য নিয়ে আসা চা খেয়ে নেয়। তাড়াহুড়ো করে অনেকটা গরম চা গলায় ঢালায় সে অসুস্থ বোধ করতে থাকে। সেই অবস্থাতেই ক্লাস করে দীপ্তাংশু। এ ভাবেই কয়েক ঘণ্টা কেটে যায়। অভিযোগ, দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি জানার পরেও কোনও ব্যবস্থা নেননি। পরে বাড়াবাড়ি হওয়ায়, দীপ্তাংশুকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করা হলেও তাকে বাঁচানো যায়নি। গরম চায়ে খাদ্যনালি-সহ অন্য অভ্যন্তরীণ অংশ পুড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে অনুমান।

বুধবার নরেন্দ্রপুর থানায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেন দীপ্তাংশুর বাবা মনোরঞ্জন মাহাতো। এ দিকে, ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল দীপ্তাংশুর সহপাঠীরা। বুধবার অন্য ছাত্র, প্রাক্তন ছাত্র, অভিভাবকেরা স্কুলে জড়ো হন। অভিযোগ, কর্মীদের এমন গাফিলতি নতুন নয়। কর্মীদের বিরুদ্ধে মারধর, কুরুচিকর কথা বলার অভিযোগও ওঠে। সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন স্কুল কর্তৃপক্ষ। সেখানেই তিন কর্মী— সৌরভতরু বিশ্বাস, সোমনাথ বৈরাগী এবং সমরেশ ধাড়াকে নিলম্বিত করা হয়। ছাত্রদের দাবি, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে কোনও ছাত্রকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেই নিশ্চয়তাও দিতে হবে।

আরও পড়ুন