— প্রতীকী চিত্র।
বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিয়াত্তর বছরের বৃদ্ধ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলেও, ক্রমশ তিনি ব্রেন ডেথের দিকে এগিয়ে যান। ব্রেন ডেথের পরে বৃদ্ধের মরণোত্তর অঙ্গ দানে নতুন জীবন পেলেন তিন রোগী।
কসবার তপন নস্কর গত ১ জুলাই বাড়ির শৌচাগারে পড়ে গিয়েছিলেন। খবর পেয়ে পরিচিতেরা তাঁকে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেই সময় বৃদ্ধের জ্ঞান ছিল না। তাঁকে ভেন্টিলেশনে রাখেন চিকিৎসকেরা। পরবর্তীতে সিটি স্ক্যান করে দেখা যায়, মস্তিষ্কের অনেকটা অংশ জুড়ে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু কোনও ভাবেই তা অস্ত্রোপচার করা সম্ভব নয় বলে জানান তাঁরা। ওষুধের মাধ্যমে চেষ্টা শুরু হলেও চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না বৃদ্ধ।পরের দিন, ২ জুলাই অ্যাপনিয়া পরীক্ষা করে চিকিৎসকেরা বুঝতে পারেন, তিনি ক্রমশ ব্রেন ডেথের দিকে যাচ্ছেন।
হাসপাতাল সূত্রের খবর, এর পরে নিঃসন্তান ওই বৃদ্ধের স্ত্রীকে মরণোত্তর অঙ্গ দান সম্পর্কে বোঝানো হলে তিনি তাতে সম্মতি দেন। ৩ জুলাই তপনের ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকেরা। এর পরে ‘রিজ়িয়োনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজ়েশন’ (রোটো)-এর মাধ্যমে তিন জন গ্রহীতাকে চিহ্নিত করা হয়। সেই মতো বৃদ্ধের যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে অ্যাপোলো হাসপাতালের ৪৩ বছরের এক যুবকের শরীরে। একটি কিডনি পেয়েছেন সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন ৫৯ বছরের প্রৌঢ়া এবং আর একটি কিডনি পেয়েছেন আর এন টেগোরে চিকিৎসাধীন ৪১ বছরের তরুণী রোগী। অঙ্গ প্রতিস্থাপনের পরে তিন রোগীই স্থিতিশীল রয়েছেন বলে খবর।