West Bengal Weather Update

রবিবারও ৬০ কিমি বেগে ঝড় দক্ষিণের সাত জেলায়! সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও, কোথায় কবে কী পূর্বাভাস

বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১০:২৫
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলতে পারে আরও অন্তত দু’দিন। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতা-সহ অনেক জায়গায় বৃষ্টি কমে এসেছে। ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে বাড়তে চলেছে গরম।

Advertisement

রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এ ছাড়া, বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদেও। এই জেলাগুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে সোমবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে ঝড় বা বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। এ বার দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না-হলেও তার পর থেকে দুই-তিন ডিগ্রি পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। তা থাকবে আরও ছ’দিন পর্যন্ত।

বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টি হবে না। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর আবার বুধবার থেকে উত্তরে শুরু হতে পারে দুর্যোগ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী শুক্রবার থেকে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, দক্ষিণ ওড়িশা হয়ে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এ ছাড়া, মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাতেই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম।

Advertisement
আরও পড়ুন