— প্রতীকী চিত্র।
কলকাতায় জোকা মেট্রো স্টেশনের নীচে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে চেপে রবিবার রাতে জোকা থেকে ঠাকুরপুকুরে যাচ্ছিলেন দু’জন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তাতে সম্ভবত পিছন থেকে এসে ধাক্কা দেয় একটি গাড়ি। তার ফলে মৃত্যু হয় দু’জনের। রবিবার রাতে জোকা মেট্রো স্টেশনের কাছে ঠিক কী ঘটেছিল, স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে সওয়ার মৃত যুবকের নাম অঞ্জন সাধুখাঁ। তাঁর বয়স ৩০ বছরের আশপাশে। তিনি ঠাকুরপুকুরের বাসিন্দা। রবিবার রাতে জোকা থেকে ঠাকুরপুকুরে নিজের বাড়িতে যাচ্ছিলেন। বাইকের পিছনে ছিলেন এক তরুণীও। তাঁর নাম প্রিয়া দাস। তাঁর বয়স ৩৫ বছরের কাছাকাছি। পুলিশের একাংশ মনে করছে, তাঁরা বাইক থেকে পড়ে গিয়েছিলেন। তখন পিছন থেকে এসে ধাক্কা দেয় একটি গাড়ি। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দু’জনরে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বাইকের গতি বেশি ছিল কি না, চালক নিয়ম ভেঙেছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।
বেহালার ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনা এই প্রথম নয়। এই নিয়ে প্রায়ই অভিযোগ করেন নিত্যযাত্রী থেকে স্থানীয়েরা। এই প্রসঙ্গে শনিবার কলকাতা পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকার বলেন, ‘‘আমাদের সিনিয়র অফিসারেরা পর্যবেক্ষণ করেছেন। দুর্ঘটনা ঘটেছে হয়তো, ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’’ তার পরের দিন, রবিবার রাতে জোকা মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন।