— প্রতীকী চিত্র।
ময়দান এলাকায় মোটরবাইক এবং স্কুটারের সংঘর্ষে মৃত্যু হল দুই তরুণীর। আহত হয়েছেন আরও তিন জন। শনিবার রাত ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বেলার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুই তরুণীর। দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না বলে প্রাথমিক ভাবে লালবাজার জানিয়েছে।
লালবাজার সূত্রের খবর, মৃতাদের নাম রিয়ানা সিংহ (১৯) এবং বিদ্যা গুরুং (১৯)। উভয়েই খিদিরপুরের কার্ল মার্ক্স সরণির বাসিন্দা। আহত তিন জনের নাম সৈকত শিকদার, মহম্মদ আজাউদ্দিন এবং বিশাল মাঝি। তিন জনেই এসএসকেএমের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রের খবর, এ দিন রাতে ময়দান থানা এলাকার রেড রোডে মধুসূদন মূর্তির সামনে মোটরবাইকটির সঙ্গে সংঘর্ষ হয় একটি স্কুটারের। স্কুটারের পিছনের আসনে বসে ছিলেন ওই দুই তরুণী। সেটি চালাচ্ছিলেন মহম্মদ আজাউদ্দিন। অন্য দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকে সওয়ার ছিলেন বিশাল ও সৈকত। স্কুটার ও মোটরবাইকের চালক ও আরোহী, কারও মাথাতেই হেলমেট ছিল না। বেপরোয়া গতিতে যাওয়ার সময়ে এই দুর্ঘটনায় সকলে রাস্তায় ছিটকে পড়েন। সকলেই কম-বেশি আহত হন। দুই তরুণীর মাথায় আঘাত লাগে। উপস্থিত পুলিশ কর্মীরা আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে প্রথমে রিয়ানা ও পরে বিদ্যার মৃত্যু হয় বলে লালবাজার জানিয়েছে।
ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার। বাইক দু’টিকে আটক করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, দুই তরুণীকে পিছনে বসিয়ে জয়-রাইডে বেরিয়েছিলেন যুবক। তবে স্কুটারচালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। ময়দান এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।