MLA Training

বিধায়কদের প্রশিক্ষণে এ বার শিক্ষকের মেলা

নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ, শুক্রবার শুরু হচ্ছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। এ বার দু’শোর বেশি বিধায়ক প্রথম বার এসেছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৭:০৭
বিধায়কদের প্রশিক্ষণ শিবির উপলক্ষে কলকাতায় আসা লোকসভার স্পিকার ওম বিড়লাকে অভ্যর্থনা

বিধায়কদের প্রশিক্ষণ শিবির উপলক্ষে কলকাতায় আসা লোকসভার স্পিকার ওম বিড়লাকে অভ্যর্থনা বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর। কলকাতা বিমানবন্দরে।

নতুন বিধানসভা গঠনের পরে বিধায়কদের জন্য প্রশিক্ষণের প্রথা বহু দিনের। এ বার কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার প্রতিষ্ঠার পরে বিধায়কদের সেই প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব ও আড়ম্বর বাড়াল বিধানসভা। দু’দিনের ওই শিবিরে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ। বিধায়কদের নানা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আসছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও।

নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ, শুক্রবার শুরু হচ্ছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। এ বারে অষ্টাদশ বিধানসভায় নির্বাচিত সদস্যদের মধ্যে দু’শোর বেশি বিধায়ক প্রথম বার এসেছেন। এই নবীন বিধায়কদের পরিষদীয় রীতি-নীতি ও কৌশলের পাঠ দিতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। যিনি নিজেও প্রথম বারের বিধায়ক। দিল্লির পাশাপাশি একাধিক রাজ্য গিয়ে তিনিই বিভিন্ন স্পিকার এবং সংসদীয় বা পরিষদীয় সচিবালয়ের আধিকারিকদের আমন্ত্রণ জানিয়েছেন। লোকসভার স্পিকার বিড়লা এবং কয়েকটি রাজ্যের বিধানসভার স্পিকারেরা বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছে গিয়েছেন।

প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিন, শনিবারও নিউ টাউনেই হবে প্রথম পর্ব। তবে সমাপ্তি-পর্ব হওয়ার কথা বিধানসভার মূল ভবনে। তার জন্য সেজে উঠছে বিধানসভা ভবন। সমাপ্তি অধিবেশনে বক্তা হওয়ার কথা লোকসভার স্পিকার বিড়লা, রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ, হরিয়ানার রাজ্যপাল অসীমকুমার ঘোষ এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির। ধন্যবাদজ্ঞাপনে থাকবেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। আর আজ প্রথম পর্বে বিধানসভার স্পিকার ছাড়াও বক্তা-তালিকায় আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হরিবংশ ও বিড়লা এবং কেন্দ্রে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। থাকছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষও। বিধানসভা সূত্রের খবর, বিধায়ক হিসাবে কী ভাবে কার্যকরী ভূমিকা নেওয়া যায়, প্রশ্নোত্তর-সহ অন্য সংসদীয় প্রক্রিয়া কী ভাবে চলে, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও প্রাইভেট মেম্বার বিল, আইনসভায় আর্থিক কার্যাবলি ও বাজেট প্রক্রিয়া— এই ভাবে বিষয় ভাগ করে অতিথি-বক্তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়ে পরামর্শ দেবেন। মধ্যপ্রদেশ, হরিয়ানা, ওড়িশা, রাজস্থান, সিকিম, উত্তরপ্রদেশের স্পিকার যথাক্রমে নরেন্দ্র সিংহ তোমর, হরবিন্দর কল্যাণ, সুরমা পাধি, বাসুদেব দেবনানি, মিংমা নোরবু শেরপা, সতীশ মহানা, কেরলের কোল্লমের আরএসপি-র সাংসদ এন কে প্রেমচন্দ্রন প্রমুখের অংশগ্রহণ করার কথা।

আরও পড়ুন